March 2, 2026, 4:35 am
বিপ্লবী ডেস্ক ॥ একযোগে ৮ জন নবীন চিকিৎসক যোগদান করেছেন। নতুন এই চিকিৎসকদের সবাই গলাচিপার সন্তান হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তারা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানকারী চিকিৎসকরা হলেন— ডা. আবদুল্লাহ আল নোমান, ডা. ইমরান, ডা. ইমরান হাসান, ডা. সাব্বির আহমেদ গালিব, ডা. সাবিকুন নাহার লিজা, ডা. শর্মিলি হোসেন দোলন, ডা. মিমি দাস এবং ডা. জান্নাতুন নাঈম তানহা। জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ভুগছিল গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রয়োজনের তুলনায় চিকিৎসক কম থাকায় রোগীদের যথাযথ সেবা দিতে হিমশিম খেতে হতো কর্তৃপক্ষকে। বিশেষ করে দুর্গম চরাঞ্চল থেকে আসা রোগীদের চিকিৎসাসেবা পেতে নানা ভোগান্তির শিকার হতে হয়েছে। নতুন চিকিৎসকদের যোগদানের ফলে হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসাসেবা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, নিজ এলাকার সন্তানরা চিকিৎসক হিসেবে যোগদান করায় তারা রোগীদের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে তাদের বিশ্বাস। হাসপাতাল সূত্রে জানা যায়, নবীন চিকিৎসকরা দ্রুতই নিজ নিজ বিভাগে দায়িত্ব পালন শুরু করবেন। এতে করে মাতৃসেবা, শিশুসেবা ও জরুরি বিভাগসহ বিভিন্ন শাখায় সেবার মান উন্নত হবে। উপজেলার সচেতন মহল মনে করছেন, স্থানীয় চিকিৎসকদের এই সম্মিলিত যোগদান গলাচিপার স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার আরও নিশ্চিত করবে।
Leave a Reply