March 2, 2026, 12:29 am
বিপ্লবী ডেস্ক ॥ ঝালকাঠির দুটি সংসদীয় আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল ও ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সঙ্গে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন, অবকাঠামোগত কাজের মান এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ সুপার, সিভিল সার্জন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গণপূর্ত অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় সংসদ সদস্যরা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সব দপ্তরকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে। সংসদ সদস্যদের দেওয়া দিকনির্দেশনা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান। সভা শেষে জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply