March 1, 2026, 4:12 pm
বিপ্লবী ডেস্ক ॥
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল শপথগ্রহণের পর এই প্রথম নিজ নির্বাচনি এলাকা দুর্গাপুর উপজেলায় সরকারি সফরে এসেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় দুর্নীতিমুক্ত দুর্গাপুর উপজেলা গড়তে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও সালাম গ্রহণ শেষে তিনি মতবিনিময় সভায় মিলিত হন। জনবান্ধব সেবা দেওয়ার লক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক নাগরিকের অধিকার আছে রাষ্ট্রের সর্বোচ্চ সেবা পাওয়ার এবং আপনি ও আমি জনগণকে সেবা দিতে বাধ্য। দুর্গাপুরকে একটি দৃষ্টিনন্দন ও দেশের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলে মিলে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি। সেইসঙ্গে উপজেলার সীমান্ত এলাকা ও দুর্গাপুর পৌরশহরের বিভিন্ন এলাকায় মাদক ও কিশোরগ্যাং-এর যে সমস্যা রয়েছে তা কঠোরভাবে মোকাবেলা করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির নির্দেশ দেন। দুর্গাপুরে অনার্স কোর্স চালু, নারী শিক্ষার্থীদের জন্য নার্সিং কলেজ স্থাপনে সহায়তা, খেলাধুলার পরিবেশ তৈরি করার বিষয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করারও আহ্বান জানান ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, অতীতে কী করেছেন আমি তা দেখব না, এখন থেকে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করুন। খাল, পুকুর ও জলাশয় পূররুদ্ধারে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারি যারা আছেন, আপনারা যদি কাঙ্ক্ষিত সেবা দিতে না পারেন, তাহলে অন্যত্র বদলি হয়ে চলে যান। নির্বাচনি জনসভায় আমি জনগণের কাছে ওয়াদা করেছি, আমি কোনো দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। আমি সবার কাছে অনুরোধ জানাই- আসুন সবাই মিলে জনবান্ধব প্রশাসন গড়ে তুলি। আলোচনা শেষে দুর্গাপুর পৌর মিলনায়তনে পৌরপ্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের জনবান্ধব সেবা দেওয়ার মানসিকতা গড়ে তোলার নির্দেশ দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply