March 2, 2026, 11:10 am

সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী

বিপ্লবী ডেস্ক ॥
বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার বিষয়টি যেন আর শুনতে না হয়, সে বিষয়টি ভারতের হাইকমিশনারকে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ভারতের ট্যুরিস্ট ভিসার বিষয়েও তার সঙ্গে আলাপ
করেছেন মন্ত্রী। জবাবে হাইকমিশনার নিশ্চিত করেছেন যে, পর্যায়ক্রমে পূর্ণাঙ্গভাবে ভিসা চালু করা হবে। রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে করতে সচিবালয় আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে— জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হলে তাদের সঙ্গে হাইকমিশনাররা বা অ্যাম্বাসেডররা সৌজন্য সাক্ষাৎ করে থাকেন। এটা তারই অংশ। তাছাড়া আমরা প্রতিবেশী হিসেবে আমাদের সঙ্গে ভারতের অনেক বেশি লেনদেন আছে। ব্যবসা-বাণিজ্য আছে, যাতায়াত আছে বিভিন্ন ক্ষেত্রে। সেই সমস্ত বিষয়ে এবং সিকিউরিটির ক্ষেত্রগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন এবং সীমান্ত নিরাপত্তা— এ সমস্ত বিষয়ে কথা বলতে এসেছিলেন। তিনি বলেন, আমরা একটা সহযোগিতা চেয়েছি অন দ্য বেসিস অব মিউচুয়াল ইন্টারেস্ট অ্যান্ড ডিগনিটি অ্যান্ড মিউচুয়াল বেনিফিট। আমরা উভয় দেশে আমাদের সম্পর্ক বজায় রাখব। ব্যবসা-বাণিজ্য এবং কূটনৈতিক সকল ক্ষেত্রে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। আমরা আশা করি তারা একটা সার্বভৌম সমতার ভিত্তিতে এবং অন দ্য বেসিস অব মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক সমমর্যাদা এবং ডিগনিটির ভিত্তিতে আমাদের সম্পর্কটা বহাল রাখবে। এই এক্সারসাইজটা আমাদের চালু রাখতে হবে। কন্টিনিউয়াস এনগেজমেন্টের মধ্য দিয়ে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারব। সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিশেষ করে আমি বর্ডার ইস্যু নিয়ে কথা বলেছি যে, বর্ডার হত্যার বিষয়টি যেন আমাদের আর শুনতে না হয়। সে বিষয়ে যেন আমরা সবসময় নজর রাখি— আমাদের বিজিবি এবং তাদের বিএসএফ যেন কন্টিনিউয়াস এ বিষয়ে বৈঠক করতে থাকে। এগুলোকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করা যায়। তো তারা বলেছেন, সে বিষয়ে তারাও আন্তরিক এবং তারা সেসব সংস্থাকে সেই হিসেবে তাদের নির্দেশনা দেবেন। ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো কথা হয়েছে, ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়ার ব্যাপারে?— এমন প্রশ্নের বিষয়ে মন্ত্রী বলেন, না। সমস্ত ভিসা কার্যক্রম, বিগত এক-দেড় বছর সময়ের মধ্যে তাদের কনস্যুলেটগুলো এবং তাদের ভিসা অফিসগুলো বিভিন্ন আক্রমণের শিকার হয়েছে। যার জন্য তারা এখনো পুরোদমে সেই ভিসা কার্যক্রম চালু করতে পারেনি। তবে তারা এনসিওর করেছে যে, তারা গ্র্যাজুয়ালি সেটা পূর্ণাঙ্গভাবে চালু করবে। নতুন সরকার নতুন করে ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক করবে— সেক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রীসহ যারা ভারতে আছেন, তাদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকার আলোচনা করবে কিনা— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে এখনই কিছু বলার মতো নেই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com