রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Logo

তিন জেলায় সড়কে ঝরল সাত প্রাণ

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৮ জন। এ ছাড়া সিরাজগঞ্জের কামারখন্দে হওয়া সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার মাঝরাত থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত বিভিন্ন সময় হওয়া এসব দুর্ঘটনায় মোট সাতজন নিহত হয়েছেন।

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত চারজন প্রাইভেটকারের আরোহী। নিহতরা হলেন– মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) ও প্রাইভেটকারের চালক সোহেল।
গজারিয়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পর মহাসড়কে বাসটি উল্টে থাকায় কিছুটা সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় দুই ট্রাকচালক নিহত
সিরাজগঞ্জের কামারখন্দে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকে বাসের ধাক্কায় দুই ট্রাকচালক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– দিনাজপুর সদর উপজেলার গুড়গোলা এলাকার মো. আপন ইসলাম (২৬) ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মো. আসলাম (৪০)।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মহাসড়কের পাশে একটি ট্রাক বিকল হয়ে পড়লে দুই ট্রাকচালক সেটি মেরামতের কাজ করছিলেন। এ সময় ঢাকাগামী আলিশা পরিবহনের একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকচালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশালে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১
বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। গতকাল বাবুগঞ্জের গজালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম আব্দুল মালেক (৫৫)। তিনি বানারীপাড়া উপজেলার বাইশারী এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বরূপকাঠি থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা আরিয়ান ক্লাসিক নামে একটি যাত্রীবাহী লোকাল বাস গড়িয়ারপাড় স্টেশনের কাছে গজালিয়া এলাকায় নিয়ন্ত্রণ
হারিয়ে রাস্তার পাশের পুকুরে গিয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসা একজনকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com