সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Logo
সর্বশেষ:

বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টানা পঞ্চম দিন রোববারও বরিশালের বাজারে এলপিজি গ্যাসের তীব্র সংকট ছিল। নগরীর অধিকাংশ বিক্রয়কেন্দ্রে ১২ কেজির সিলিন্ডার মিলছে না। কিছু দোকানে সীমিত পরিমাণে পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

একই সংকটে পড়েছেন অটোগ্যাসনির্ভর থ্রি-হুইলার চালকরাও। গ্যাসের সন্ধানে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটতে হচ্ছে তাদের।

ব্যবসায়ীদের দাবি, প্রায় এক মাস ধরে চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে। ফলে মজুত কমতে কমতে এখন সংকট তীব্র আকার নিয়েছে। এর মধ্যে ২৬ সেপ্টেম্বর পাইকারি বাজারে ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৫ টাকা বেড়ে ১ হাজার ৬৪০ টাকায় দাঁড়িয়েছে। এর আগে দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। তবে বর্তমানে কোম্পানিগুলো ডিলারদের চাহিদামতো গ্যাস সিলিন্ডার দিতে পারছে না।

খুচরা বাজারে এর প্রভাব পড়েছে আরও বেশি। কয়েক দিন আগেও যে সিলিন্ডার ১ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে, সেটি এখন অনেক ক্ষেত্রে ১ হাজার ৮৫০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।

ভোক্তা মোশাররফ হোসেন বলেন, গ্যাসের জন্য কয়েকটি দোকানে খোঁজ করেও সিলিন্ডার পাইনি। পরে বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। সরবরাহ স্বাভাবিক না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।

খুচরা ব্যবসায়ী মারুফ হাওলাদার বলেন, সপ্তাহখানেক ধরে আমরাই পর্যাপ্ত গ্যাস পাচ্ছি না। সরবরাহ কম থাকায় দোকানে সিলিন্ডার রাখা সম্ভব হচ্ছে না। বেশি দামে কিনতে হলে স্বাভাবিকভাবেই বিক্রয়মূল্যও বেড়ে যাচ্ছে।

সান গ্যাসের বরিশালের ডিলার মো. জুয়েল বলেন, বাজারে গ্যাসের চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়া যাচ্ছে না। এ কারণেই বাজারে সংকট দেখা দিয়েছে।

এদিকে, বাসাবাড়ির পাশাপাশি পরিবহণ খাতেও সংকটের প্রভাব পড়েছে। বরিশাল নগরীর ১০টি এলপিজি ফিলিং স্টেশনের বেশির ভাগেই পর্যাপ্ত অটোগ্যাস নেই বলে চালকদের অভিযোগ। অনুমোদিত প্রায় ২ হাজার ৬০০ গ্যাসচালিত থ্রি-হুইলার রয়েছে নগরীতে। গ্যাস না পেয়ে এসব গাড়ির চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে কিংবা এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com