March 9, 2026, 11:07 am
বিপ্লবী ডেস্ক ॥
সরকারি হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি হবার পর রোগীদের প্রথমত যে বিড়ম্ভনায় পড়তে হয় সেটি হলো হুইল চেয়ার ও ট্রলি সমস্যা। বেশীর ভাগ হাসপাতালে ট্রলি বা হুইল চেয়ার পাওয়া যায় না। আবার অনেক হাসপাতালে পাওয়া গেলেও এই সেবার বিনিময় রোগীকে গুনতে হয় টাকা। দেশের হাসপাতালগুলোতে এই চিত্র বছরের পর বছর ধরে চলছে। নুতন সরকার দায়িত্ব নেবার পর এই সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করেছে। রোগীকে বিনামূল্যে ট্রলি ও হুইল চেয়ার সেবা দিতে নির্দেশনা প্রদান করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওই নির্দেশনা দেশের সকল হাসপাতাল পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে প্রেরন করা হয়েছে। মন্ত্রণালয়ের উপ সচিব কাজী শরিফ আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে ‘দেশের সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে ট্রলি ও হুইল চেয়ার সরবরাহ ও দালালদের দৌরাত্ম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। হাসপাতালের জরুরী বিভাগের কাছাকাছি দৃশ্যমান স্থানে ট্রলি ও হুইল চেয়ার রাখতে হবে এবং বিনা মূল্যে প্রদানের লিখিত নির্দেশনা টানিয়ে রাখতে হবে। নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত অবস্থায় হাসপাতালের নিজস্ব সেবাকর্মী এই ট্রলি ও হুইল চেয়ার বহন করবে। বহিরাগত কেউ এগুলো রোগীসহ বহন করতে পারবে না। একই সাথে হাসপাতালে দালালদের দৌরাত্ম কমাতে মোবাইলকোর্ট পরিচালনা করতে হবে’। এ বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন-মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য বরিশালের সকল সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা বিভাগীয় অফিস থেকেও মাঠ পর্যায়ে তদারকি অব্যাহত রাখবো।
Leave a Reply