April 12, 2026, 4:03 pm

বাজারে ইলিশের উত্তাপ নিয়ে আসছে বৈশাখ

বিশেষ প্রতিবেদক ॥
ইলিশের জন্য হাহাকার চলছে বরিশালের বাজারে। বৈশাখকে সামনে রেখে ইলিশ মাছের চাহিদার তিন ভাগের এক ভাগ মেটানো অসম্ভব হয়ে পড়ছে। অল্প কিছু মাছ বাজারে উঠলেও দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে বড় সাইজের ইলিশ মাছের দাম দেড় হাজার টাকা বেড়েছে। মৎস্য বিভাগ জানিয়েছে ইলিশ মাছের দর নিয়ন্ত্রণে তাদের কোনো সুযোগ নেই। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিছুটা ভূমিকা রাখতে পারে। তারা মাছের পাইকারি বাজারের দর অনুযায়ী খুচরা বাজারে অস্বাভাবিক বেশি দামে বিক্রি না হলে ব্যবস্থা নিতে পারে। নগরীর পোর্ট রোড ইলিশ মোকামে গিয়ে দেখা গেছে কয়েকজন খুচরা বিক্রেতা কিছু মাছ নিয়ে বসে আছে। বড় সাইজের মধ্যে এক কেজি ওজন সাইজের কয়েকটি মাছ রয়েছে। এক কেজির ওপরে এবং দেড় কেজি সাইজের কোনো মাছ নেই। কেজি সাইজের মাছ ৪ হাজার ২০০ টাকা। কেজির নিচে ৯০০ গ্রাম সাইজের মাছ নেই। ৭০০-৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি কেজি ৩ হাজার, ৫০০ গ্রাম ওজন সাইজের প্রতি কেজি ২ হাজার, ৪০০ গ্রাম ১ হাজার ৫০০ টাকা, ৩০০ গ্রাম ১ হাজার ৩৫০ টাকা ও জাটকা ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতা আকতার হোসেন বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছের চাহিদা বাড়ে। কিন্তু বর্তমানে সেই পরিমাণ মাছ নেই। চাহিদার তিন ভাগেরও এক ভাগ মাছ বাজারে ওঠে না। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. হাদিউজ্জামান বলেন, অভ্যন্তরীণ নদীতে চর পড়ার কারণে জাটকা সমুদ্রে যেতে পারছে না। নদীতে আটকা পড়া জাটকা জেলেরা ধরে ফেলছে। আর সমুদ্র থেকে মাছ আসতে পারে না। এতে অভ্যন্তরীণ নদীতে ইলিশ শূন্য হয়ে পড়ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com