March 12, 2026, 1:02 pm
স্টাফ রিপোর্টার ॥
ঈদের আগে বেতন ও বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় দুই হাজার পরিচ্ছন্নতা কর্মী। বুধবার (১১ মার্চ) থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে নগরজুড়ে আবর্জনা জমে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। গতকাল সকাল থেকে নগরীর নতুনবাজার, চৌমাথা, বটতলা, রুপাতলীসহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশ ও ডাস্টবিনে ময়লার স্তূপ জমে থাকতে দেখা গেছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পরিচ্ছন্নতা কর্মীরা জানান, তারা মাসে ৩০ দিন কাজ করলেও বেতন পান মাত্র ২২ দিনের। আগে উৎসব ভাতা ও ইফতারের জন্য আলাদা অর্থ দেওয়া হলেও এবার ঈদের আগে শুধু বেতন দেওয়ার কথা বলা হয়েছে, কোনো বোনাস বা উৎসব ভাতা দেওয়া হচ্ছে না। তাদের দাবি, এমনিতেই কম বেতনে পরিবার নিয়ে টানাপড়েনের মধ্যে সংসার চালাতে হয়। বোনাস না পেলে ঈদের আনন্দ তো দূরের কথা, পরিবারকে ভালোভাবে খাবারও দেওয়া কঠিন হয়ে পড়বে।সিটি করপোরেশন ও শ্রমিক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় শ্রম অধিদফতরের ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়। তবে ওই গেজেটে উল্লেখ করা হয়, মজুরিভিত্তিক শ্রমিকরা কোনো ধরনের উৎসব ভাতা পাবেন না। সরকারের এই সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।নগরের কয়েকজন বাসিন্দা জানান, রাস্তা ও ডাস্টবিন থেকে ময়লা উপচে পড়ছে। দুর্গন্ধে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত এই সমস্যা সমাধান না হলে পুরো বরিশাল নগরী ময়লার ভাগাড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
পরিচ্ছন্নতা কর্মী রহিম মিয়া বলেন, বেতন বাড়লেও যদি ঈদের সময় বোনাস না পাই, তাহলে আমাদের উৎসবের আনন্দ মাটি হয়ে যাবে। এটা আমাদের সঙ্গে চরম অন্যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।এ বিষয়ে জেলা বাসদের সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের বেতন ও ঈদ বোনাস অবশ্যই দেওয়া উচিত। তারা দীর্ঘদিন ধরে নিয়মিত বোনাস পেয়ে আসছেন। হঠাৎ করে ঈদের আগে বোনাস বা বেতন না দিলে তারা ঈদের বাজার করা কিংবা সন্তানদের জন্য কাপড়-চোপড় কিনতে পারবেন না। এটি অত্যন্ত অমানবিক সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেওয়া একটি সুবিধা হঠাৎ বন্ধ করে দেওয়া শ্রম আইনের পরিপন্থি। বিশেষ করে ঈদের মাত্র ১০ দিন আগে এমন ঘোষণা দেওয়া অমানবিক ও বেআইনি। অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা উচিত।এদিকে সিটি করপোরেশনের সচিব রুম্পা সিকদার জানান, যারা দৈনিক ভিত্তিতে কাজ করেন তাদের আইনে বোনাস ভাতা দেওয়ার কোনো সুযোগ নেই। তবে শ্রমিকরা মানবিক কারণে বিষয়টি দাবি করছেন। প্রশাসক এ বিষয়ে অবগত আছেন এবং বিষয়টি দেখা হচ্ছে।
Leave a Reply