March 10, 2026, 1:10 pm

ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা!

বিপ্লবী ডেস্ক ॥
বরগুনার তালতলী উপজেলায় চলতি কৃষি মৌসুমে সারের তীব্র সংকট দেখা দিয়েছে। ডিলারদের কাছে ধল্লা দিয়েও চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না প্রান্তিক কৃষকরা। সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারায় ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় চরম ভোগান্তি ও দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন সার ডিলারের দোকানে পর্যাপ্ত মজুত নেই। কাকডাকা ভোরে সারের আশায় ডিলারদের দোকানে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও অনেক কৃষককে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। কৃষকদের অভিযোগ, ভরা মৌসুমে সারের ব্যাপক চাহিদা থাকলেও চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। ফলে নির্ধারিত সময়ে তাঁরা জমিতে সার দিতে পারছেন না। হতাশা প্রকাশ করে ভুক্তভোগী কৃষকরা বলেন, “জমিতে এখন সার দেওয়ার উপযুক্ত সময়। সঠিক সময়ে সার দিতে না পারলে ফসলের মারাত্মক ক্ষতি হবে
এবং ফলন কমে যাবে। ধারদেনা করে আবাদ করেছি, সার না পেলে আর্থিকভাবে আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।” সার সংকটের বিষয়ে তালতলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, সারের এই সাময়িক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খুব শিগগিরই ডিলারদের কাছে পর্যাপ্ত সার সরবরাহ করা হবে বলে তাঁরা আশ্বস্ত করেন। তবে কেবল আশ্বাস নয়; ফসলের ক্ষতি এড়াতে এবং কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিতে দ্রুত নিরবচ্ছিন্ন সার সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় কৃষকরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com