April 23, 2026, 5:25 pm
স্টাফ রিপোর্টার ॥
বরিশাল নগরীর নির্দিষ্ট ৮টি গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা। বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ সমাবেশে রিকশা চালকরা অভিযোগ করেন, বরিশালে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় পুরো নগরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। নগরীর সদর রোডসহ নির্ধারিত আটটি সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও প্রশাসনের সেই নির্দেশনা মানা হচ্ছে না বলেও তারা অভিযোগ করেন। শ্রমিকরা জানান, সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করেও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। অটোরিকশার আধিপত্যের কারণে সাধারণ প্যাডেল চালিত রিকশার যাত্রী কমে যাচ্ছে। এতে পরিবার- পরিজন নিয়ে তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। সমাবেশে বৃদ্ধ রিকশা চালক মোতালেব বলেন, “আমাদের সংসার এখন আর ঠিকমতো চলে না। আগে রিকশা চালিয়ে ভালো আয় হতো, এখন দিনভর পরিশ্রম করেও তেমন আয় নেই। অন্যদিকে অটো রিকশা পুরো নগরী দাপিয়ে বেড়াচ্ছে। এতে যেমন আমাদের আয় কমছে, তেমনি বিভিন্ন জায়গায় দুর্ঘটনাও বাড়ছে।” রিকশা চালক মকবুল মিয়া বলেন, “প্রশাসন যদি নির্ধারিত সড়কগুলোতে অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করত, তাহলে আমরা অন্তত ন্যায্যভাবে কাজ করতে পারতাম। এখন অটোরিকশার কারণে আমাদের যাত্রীও কমে গেছে।” সমাবেশে তারা নগরীর সদর রোড, জিলা স্কুল মোড়, লাইন রোড, গির্জা মহল্লা ও কাটপট্টি রোডসহ ৮টি প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল সম্পূর্ণ বন্ধের দাবি জানান। সমাবেশে সাধারণ মানুষের পাশাপাশি ব্যাটারিচালিত রিকশার মাধ্যমে দুর্ঘটনার শিকার হওয়া কয়েকজন ব্যক্তিও একাত্মতা প্রকাশ করে অংশ নেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পায়ে চালিত রিক্সা সংগঠণের সভাপতি মোহাম্মদ চাঁন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম। এদিকে বরিশাল সিটি কর্পোরেশন ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) সূত্রে জানা গেছে, নগরীর যানজট নিরসনে ইতোমধ্যে সদর রোডে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ওই সড়কে অটোরিকশা চলাচল বন্ধ থাকে। রিকশা শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।
Leave a Reply