April 29, 2026, 3:13 pm
বিপ্লবী ডেস্ক ॥
বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীতে ভেসে আসা অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গৌরবদি ইউনিয়ন থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র দাস তিনি বলেন, জোয়ারের সময় নদী থেকে ভেসে লাশটি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলামিন চৌকিদারের বাড়ির উত্তর পাশে খালের কিনারায় আটকে যায়। সকালে কয়েকজন জেলে মাছ শিকারের জন্য নদীতে যাওয়ার পথে লাশ দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। গৌতম চন্দ্র দাস বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। লাশ পচে যাওয়ায় হাতের আঙ্গুলের ছাপ নিয়েও পরিচয় শনাক্ত করতে পারেনি সিআইডি। ডিএনও পরীক্ষা ছাড়া পরিচয় শনাক্ত করা যাবে না।অজ্ঞাত লাশটি ২০ থেকে ২২ বছর বয়সী কোনো তরুণীর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ১০ থেকে ১২ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পরিদর্শক গৌতম চন্দ্র দাস বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। সেইসঙ্গে বিভিন্ন থানায় লাশ উদ্ধারের বার্তা পাঠানো হয়েছে।
Leave a Reply