March 10, 2026, 11:48 am

আমার কোনো প্রতিনিধি নেই, সমস্যা হলে আমাকে জানাবেন প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন

আমার কোনো প্রতিনিধি নেই, সমস্যা হলে আমাকে জানাবেন প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন

স্টাফ রিপোর্টার ॥ পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, “আমার কোনো প্রতিনিধি নেই; আমার প্রতিনিধি আমি নিজেই। কারও কোনো সমস্যা হলে সরাসরি আমাকে জানাবেন। কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন।” সোমবার (৯ মার্চ) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারি কর্মচারীরা জনগণের সেবক। তাই জনগণ যেন কোনো সরকারি দপ্তরে এসে সেবা পেতে বেগ পোহাতে না হয়, সে বিষয়টি মাথায় রেখে সবাইকে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, “জনগণের মতামত নিয়েই আমরা দেশকে এগিয়ে নিতে চাই। তাই সাধারণ মানুষের মতামত ধৈর্যসহকারে শুনতে হবে।” এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দপ্তরের সামনে জনগণের মতামত জানানোর জন্য একটি মতামত বক্স স্থাপনের নির্দেশ দেন। এ সময় তিনি আরও বলেন, “কোনোভাবেই যেন জনগণ সেবা নিতে এসে হয়রানির শিকার না হন। জনগণের সেবায় নিয়োজিত সবাইকে জনবান্ধব হয়ে উঠতে হবে।” সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স অবস্থানে আছেন। পিরোজপুরে এসবের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানকে উদ্দেশ্যে করে বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নিতে হবে।” এর আগে সকাল ১০টার দিকে প্রতিমন্ত্রী স্বরূপকাঠী-পিরোজপুর সড়কের নাপিতখালী খালের ওপর ৭৯.০৪২ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি ঠিকাদারকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। পরে তিনি স্বরূপকাঠী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কাম সাইক্লোন শেল্টারের উদ্বোধন করেন। এরপর উপজেলা চত্বরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ঢেউটিন বিতরণ করেন। এদিকে বিকেলে নেছারাবাদ উপজেলা বিএনপি ও নেছারাবাদ পৌর বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে প্রতিমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। অপর দিকে গতকাল পিরোজপুরের নেছারাবাদে নাপিতখালী খালের ওপর সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ৭৯ দশমিক ৪২ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রতিমন্ত্রী নেছারাবাদ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত।সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুস সাকিব সৌরভ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। পরিচিতি সভায় দপ্তর প্রধানরা নিজ নিজ বিভাগের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও উন্নয়নসংক্রান্ত প্রস্তাব প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। সভায় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, বিগত দিনে এ অঞ্চলের অনেক এলাকা উন্নয়নের ক্ষেত্রে কিছুটা অবহেলিত ছিল। ইতোমধ্যে বেশ কিছু উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। ধীরে ধীরে উন্নয়নের মাধ্যমে উপজেলাকে আরও এগিয়ে নেওয়া হবে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্বকে নিজের কাজ মনে করে আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে এবং প্রতিটি কাজ যথাযথভাবে তদারকি করতে হবে। এর মাধ্যমে জনগণের আস্থা আরো বাড়বে। সভা শেষে প্রতিমন্ত্রী অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে সরকারি বরাদ্দের চেক ও ঢেউটিন বিতরণ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com