April 23, 2026, 5:25 pm

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ

স্টাফ রিপোর্টার ॥
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই দায়িত্ব পালন করবেন। বুধবার (২২ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া
জানিয়ে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন,“আমি এই দায়িত্বকে একটি বড় আস্থা ও চ্যালেঞ্জ হিসেবে দেখছি। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা, পুষ্টি উন্নয়ন এবং জনস্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বাড়ানোই হবে আমার অগ্রাধিকার।” ড. জিয়াউদ্দিন হায়দার দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বিশ্ব ব্যাংকের সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসি থেকে অবসর গ্রহণ করেন। এছাড়া, তিনি ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ে অ্যাডজাঙ্কট সহযোগী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার পেশাগত জীবনে তিনি এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার প্রায় ৩৫টি দেশে টেকসই স্বাস্থ্যব্যবস্থা, পুষ্টি উন্নয়ন এবং জনস্বাস্থ্য নীতিমালা প্রণয়নে প্রায় তিন দশকের অভিজ্ঞতা অর্জন করেছেন। রাজনৈতিক অঙ্গনেও তার সম্পৃক্ততা রয়েছে। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি বিএনপির গ্রাসরুট নেটওয়ার্ক (বিজিএন)-এর লিড হিসেবেও দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামে জন্মগ্রহণকারী ড. জিয়াউদ্দিন হায়দারের পিতা মরহুম হরমুজ আলী ছিলেন একজন সিনিয়র সহকারী সচিব। শিক্ষাজীবনে তিনি ১৯৮৮ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ফিলিপাইন বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য ও পুষ্টি পরিকল্পনায় মাস্টার্স এবং সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি ও মহামারিবিদ্যায় পিএইচডি ডিগ্রি লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি চার ভাই ও তিন বোনের মধ্যে সবার বড়। তার পরিবারেও শিক্ষার শক্ত ভিত্তি রয়েছে—চার ভাইয়ের মধ্যে তিনজন চিকিৎসক এবং একজন শিক্ষক; তিন বোনই উচ্চশিক্ষিত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com