April 26, 2026, 1:41 am
স্টাফ রিপোর্টার ॥
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদোন্নতিসহ শিক্ষক সংকট নিরসনে দাবিতে ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যে রোববার থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের ব্যানারে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষকরা সভা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক। শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, রোববার থেকে
শুধুমাত্র চলমান পরীক্ষা নেওয়ার সিদ্বান্ত নেওয়া হয়েছে। দুই দিনের শাটডাউনের কারণে যেসব পরীক্ষা হয়নি, সেগুলো নেওয়া হবে। তবে নতুন করে কোনো পরীক্ষা নেওয়া হবে না। সেইসঙ্গে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম। বিজ্ঞপ্তিতে বলে হয়, ইউজিসির এক পত্রের মাধ্যমে উদ্ভুদ সংকট থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ ২২ এপ্রিল থেকে শাটডাউন কর্মসূচি পালন করছে। সাধারণ শিক্ষার্থীদের অনুরোধে বৃহস্পতিবার তাদের সঙ্গে শিক্ষক সমাজের একটি মতবিনিময় সভা হয়। সভায় শিক্ষার্থীরা শিক্ষক সমাজের দাবির সঙ্গে একমত পোষণ করেন। ইউজিসির চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা ও শিক্ষা কার্যক্রমের বৈধতা প্রশ্নবিদ্ধ জেনেও সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষক সমাজের কাছে অনুরোধ করেন। তবে পরীক্ষা কার্যক্রম চূড়ান্তভাবে অবৈধ বিবেচিত হলে তার দায় শিক্ষকরা বহন করবে না শর্তে সেমিস্টার ফাইনাল ও বর্ষ ফাইনাল পরীক্ষা রোববার থেকে নেওয়ার সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর বাইরে একাডেমিক সব কার্যক্রম শাটডাউনের আওতাভুক্ত থাকবে। দাবি পূরণ না হলে ২৮ এপ্রিল থেকে একাডেমিক শাটডাউনের পাশাপাশি কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ।
Leave a Reply