February 18, 2026, 10:13 pm
স্টাফ রিপোর্টার ॥ মহান ভাষা আন্দোলনের অগ্রসৈনিক, বরিশালের কৃতি সন্তান, প্রখ্যাত সুরকার ও গীতিকার শহীদ আলতাফ মাহমুদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বরিশালের বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকদের উদ্যোগে “শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি সংসদ” গঠন করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাব সংলগ্ন দৈনিক আজকের সময়ের বার্তা কার্যালয়ে এক সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।গঠিত কমিটিতে বরেণ্য শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক বেগম ফয়জুন নাহার শেলীকে আহ্বায়ক, নাট্যকার-শিক্ষক ও আবৃত্তিকার অনিমেষ সাহা লিটুকে সদস্য সচিব এবং কথাসাহিত্যিক ও সাংবাদিক মুহম্মদ ইমন খন্দকার হৃদয়কে সমন্বয়কারী করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কবি ও ছড়াকার তপংকর চক্রবর্তী। সভায় উপস্থিত ছিলেন বি. এম. কলেজের সাবেক অধ্যক্ষ ইমানুল হাকীম, দৈনিক আজকের সময়ের বার্তার প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাইন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মিন্টু কর, সময় টেলিভিশনের ব্যুরো চিফ অপূর্ব অপু, শব্দাবলী গ্রুপ থিয়েটারের সভাপতি মো. ফারুক হোসেন, দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক খান মনিরুজ্জামান, তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক পীযূষ বন্দ্যোপাধ্যায়, বরিশাল ক্যাবের সাধারণ সম্পাদক রণজিৎ দত্ত, বরিশাল প্রেস ক্লাবের সদস্য সাগর বৈদ্য, মো. নাসিমুল হক, খেয়ালী গ্রুপ থিয়েটারের সদস্য মো. অয়ন ইসলাম, সাংস্কৃতিক সংগঠক ও আবৃত্তিকার সুজয় সেন, সাংস্কৃতিক সংগঠক আবুল খায়ের সবুজ, বরিশাল জেলা ক্যাবের সদস্য এ. এইচ. এম. আব্দুল্লাহসহ সাংস্কৃতিক, শিক্ষাবিদ ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলনের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’–এর সুরকার এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ আলতাফ মাহমুদ শুধু একজন শিল্পীই নন, তিনি বাঙালির জাতীয় চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর জীবন, সংগ্রাম, শিল্পসাধনা ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। কিন্তু সময়ের প্রবাহে তাঁর অবদান সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে পর্যাপ্ত চর্চা ও গবেষণা এখনও সীমিত—এ বাস্তবতা থেকে তাঁর স্মৃতি সংরক্ষণে একটি সংগঠিত উদ্যোগের প্রয়োজনীয়তা অনুভূত হয়। বক্তারা আরও জানান, “শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি সংসদ” তাঁর জীবন ও কর্মভিত্তিক গবেষণা কার্যক্রম, স্মারকগ্রন্থ প্রকাশ, স্মরণসভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও শিক্ষামূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে তাঁর অবদানকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার জন্য কাজ করবে। পাশাপাশি বরিশালে তাঁর স্মৃতিবিজড়িত স্থানসমূহ চিহ্নিত ও সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথাও সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। সভা থেকে বরিশালের সর্বস্তরের মানুষ, সাংস্কৃতিক কর্মী, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীদের এ মহৎ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে শহীদ আলতাফ মাহমুদের জীবন, আদর্শ ও সৃজনশীল অবদান সম্পর্কে ব্যাপক প্রচার ও চর্চা জোরদারের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সাংস্কৃতিক চেতনা ও ইতিহাসবোধ জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply