March 10, 2026, 4:18 pm
বিপ্লবী ডেস্ক ॥
পিরোজপুরের নেছারাবাদে কৃষকদের জন্য সরকারি সার ও কীটনাশক অনুদানের তালিকা তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬নং দৈহারি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব লাবলু হাওলাদার গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সুমি বেগম (৩১) বাদী হয়ে দৈহারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামাতের সভাপতি কাওসার হাওলাদারকে প্রধান আসামি করে ৪জনের নাম উল্লেখ সহ এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে নেছারাবাদ থানায় এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (৭ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার ৬নং দৈহারি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটা দৈহারি এলাকার আব্দুল খালেক মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে বেল্লাল মৃধার চায়ের দোকানে বসে লাবলু হাওলাদার কৃষকদের জন্য সরকারি সার ও কীটনাশক অনুদানের তালিকা প্রস্তুত করছিলেন। এ সময় অভিযুক্ত জামায়াত নেতা কাওসার হাওলাদারের নাম তালিকার শেষের দিকে থাকায় তিনি ক্ষিপ্ত হয়ে লাবলু হাওলাদারকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এতে বাধা দিলে কাওসার হাওলাদারসহ নান্নু হাওলাদার, আনজিরা আক্তার বেবী ও আল আমিন হাওলাদার এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার একপর্যায়ে কাওসার হাওলাদার হাতে থাকা কীটনাশকের কাচের বোতল ভেঙে লাবলু হাওলাদারের মাথায় আঘাত করেন। এতে তার মাথার মাঝ বরাবর গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে মাথার ডান ও বাম পাশেও কাচের বোতল দিয়ে আঘাত করা হয়। লাবলু হাওলাদারের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা তাদের খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত লাবলু হাওলাদারকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতা কাওসার হাওলাদার বলেন, “সার ও কীটনাশক বিতরণের তালিকা তৈরির সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তারা পাঁচজন মিলে আমাকে মারধর করে। আমি নিজেকে বাঁচাতে গিয়ে লাবলুকে ধাক্কা দিলে তিনি দোকানের ঝাঁপের ওপর পড়ে গিয়ে হয়তো মাথা কেটে গেছে। বর্তমানে আমিও পিরোজপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।” এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “ঘটনাটি নিয়ে থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Leave a Reply