April 26, 2026, 3:28 am
স্টাফ রিপোর্টার ॥
বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মার্কেটিং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মার্কেটিং ফেস্ট ও প্রথম পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় বিএম কলেজের মার্কেটিং বিভাগের অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মার্কেটিং বিভাগের অ্যাকাডেমিক ভবনের সামনে খেলার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবীব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন এবং কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মো. রাশেদুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক শাহ সাজেদা এবং বর্তমান বিভাগীয় প্রধান মো. মিজানুর রহমান খান। বসুন্ধরা খাতা ও বসুন্ধরা গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের এজিএম করিমুল আরাফাত এবং ডেপুটি ম্যানেজার সাঈদ হোসাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সঞ্জয় কুমার বিশ্বাস, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. মজিবুর রহমান এবং স্কাই লাউঞ্জের স্বত্বাধিকারী সাইফুল ইসলামসহ অনেকে। বক্তারা বলেন, এটি সরকারি ব্রজমোহন কলেজের মার্কেটিং বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান। এই ঐতিহাসিক মুহূর্তে বসুন্ধরা গ্রুপ সহযোগিতা করে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে, এজন্য তাদের ধন্যবাদ জানানো হয়। তারা বলেন, বসুন্ধরা খাতার এই সম্পৃক্ততা বিভাগের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা বসুন্ধরা গ্রুপের বিভিন্ন সেক্টরের সফলতা কামনাও করেন। এ ছাড়া প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আয়োজনে সহযোগিতা করার জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে টি-শার্টসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি খাবারের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন উপভোগ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
Leave a Reply