March 2, 2026, 11:11 am

আইনজীবী-বিচারপ্রার্থীতে মুখর বরিশাল আদালত

স্টাফ রিপোর্টার ॥
তিনদিন পর বিচারপ্রার্থী ও আইনজীবীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বরিশাল আদালত প্রাঙ্গণ। পূর্বের ঘোষিত কর্মসূচি স্থগিত করে রোববার (১ মার্চ) সকাল থেকে আদালতে ফিরেছেন আইনজীবীরা। এতে স্বস্তি প্রকাশ করেছেন বিচারপ্রার্থীরা। এর আগে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনূসের জামিন আদেশ ঘিরে আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। বিচারকের উপস্থিতিতেই এজলাসে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে। ওই ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ অন্তত ২০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। মামলায় সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকন বর্তমানে কারাগারে রয়েছেন। ওই ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতার জামিন বাতিল, সংশ্লিষ্ট বিচারকের অপসারণ এবং সমিতির সভাপতি লিংকনের মুক্তির দাবিতে টানা তিন দিন আদালত বর্জন কর্মসূচি পালন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। পরে বিচারপ্রার্থীদের ভোগান্তির কথা মাথায় রেখে পূর্বঘোষিত আদালত বর্জনের

কর্মসূচি স্থগিত করেছেন বরিশালের আইনজীবীরা। একই সিদ্ধান্তে সায় দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরিশাল ইউনিটও। ফলে রোববার থেকে বরিশালের আদালতগুলোতে স্বাভাবিক বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে মামলার হাজিরা দিতে আসা মো. কালাম হোসেন বলেন, বুধবার একবার এসে ফিরে গেছি, তখন দেখেছি আইনজীবীরা আদালত বর্জন করেছিল। আজকে আবার এসেছি, এখন আশা করছি জামিন কার্যক্রম করাতে পারবো। জেলা আইনজীবী সমিতির সম্পাদক মির্জা মো. রিয়াজ হোসেন বলেন, সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। সে কারণেই আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনজীবী সমিতির এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল ইউনিট। পৃথক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক মো. নাজিম উদ্দিন আহমেদ পান্না ও সদস্যসচিব আবুল কালাম আজাদ ইমন জানান, পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি স্থগিত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com