April 22, 2026, 3:32 pm
স্টাফ রিপোর্টার ॥
মঙ্গলবার সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুষ্টি বিষয়ক জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি
খায়রুল আলম সুমন। সভায় জেলার সার্বিক পুষ্টি পরিস্থিতি, মা ও শিশুস্বাস্থ্য উন্নয়ন, অপুষ্টি প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ ক্ষেত্রের অগ্রগতি তুলে ধরেন এবং চলমান কর্মসূচির বাস্তবায়ন আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় বক্তব্য রাখেন বরিশাল জেলার সিভিল সার্জন মঞ্জুর ই এলাহী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জানে আলম, ডেপুটি সিভিল সার্জন শওকত আলী সহ কমিটির সদস্যবৃন্দ এ এ সময় বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে খায়রুল আলম সুমন বলেন, “জেলার প্রতিটি মানুষকে পুষ্টিসম্পন্ন খাদ্য গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ অপরিহার্য।” তিনি সংশ্লিষ্ট সকল বিভাগকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, পুষ্টি উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বাড়ানো এবং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। এছাড়া সভায় পুষ্টি সপ্তাহ উদযাপন, স্কুলভিত্তিক সচেতনতা কার্যক্রম, এবং কমিউনিটি পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয় এবং সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জেলার পুষ্টি পরিস্থিতির আরও উন্নয়নের আশাবাদ ব্যক্ত করা হয়।
Leave a Reply