মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
ছয় দশক ধরে বিনামূল্যে পাঠশালা, প্রধানমন্ত্রীর সম্মাননা পেলেন রমণী কান্ত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল সিটিতে মনোনয়ন বিএনপিতে শিরিন-আলাল-চান-নাসের-ফারুকসহ ১১ জন, জামায়াতে একক সন্ধ্যা নদীর ভাঙন ঠেকাতে যা করলেন নারী বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা-গ্রাহকদের মধ্যে তুমুল সংঘর্ষ সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা শেবাচিম হাসপাতাল পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্প এক্সকেভেটর দিয়ে ধ্বংস চারশ গাছ বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, আটক ১

কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বরিশালের বানারীপাড়ায় বিএনপির এক নেতার দায়ের করা অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানির নির্ধারিত দিনে বিচারক এ নির্দেশ দেন।

এর আগে হাইকোর্ট থেকে তারা ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। মেয়াদ শেষে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জিয়াউল হক মিন্টু, কোষাধ্যক্ষ মো. ফারুক সরদার, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মো. মনির হোসেন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মনির হোসেন, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহিদ সরদার, উপজেলা যুবলীগ সভাপতি মহসিন রেজা, পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাসেল মাল, ব্রাহ্মণবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন বড়াল, শিয়ালকাঠী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বেপারী এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী সুমন পোদ্দার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

ওই দিন আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জামিন শুনানির জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরে ৩০ সেপ্টেম্বর শুনানির দিন পিছিয়ে ৫ অক্টোবর নির্ধারণ করা হয়। সোমবার (৫ অক্টোবর) শুনানি শেষে আদালত পুনরায় তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার (৪ অক্টোবর) একই মামলার আরেক এজাহারভুক্ত আসামি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উদয়কাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুন উর রশিদ স্বপন তালুকদার একই আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকেও কারাগারে পাঠান।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২১ জুন বানারীপাড়া উপজেলা বিএনপির সহযোগী সংগঠন বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল বাদী হয়ে তার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বরিশাল-২ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনিসহ ৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। পরে ওই মামলার এজাহারভুক্ত আসামি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জিয়াউল হক মিন্টুসহ ১০ জন হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। হাইকোর্ট তাদের ৬ সপ্তাহ পর নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান যুগান্তরকে বলেন, মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com