সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Logo

মেঘনায় ধরা পড়ল ১৫ কেজির পাঙাশ, ১০১০০ টাকায় বিক্রি

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ভোলায় মেঘনা নদীতে জেলের জালে ১৫ কেজি ওজনের একটি বড় পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ১০ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়েছে।

 

রোববার (১ নভেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতুলি মৎস্যঘাটের আবি আব্দুল্লাহ আড়তে মাছটির উন্মুক্ত নিলাম হয়। এতে অংশগ্রহণ করেন ৭ জন পাইকার। পরে নিলামে সর্বোচ্চ দামে মাছটি কিনে নেন আড়তদার মো. কামাল ব্যাপারী।

 

সরেজমিন জানা যায়, ভোলার মেঘনা নদীতে মাছ ধরার ওপর গত ২৯ অক্টোবর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে রোববার দুপুরে কাচিয়া ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে ৫ জনকে সঙ্গে নিয়ে পাঙাশ মাছ ধরতে যান একই ইউনিয়নের মাকসুদ মাঝি। নদীতে জাল ফেলে টেনে তোলার একপর্যায়ে বড় আকারের একটি মাছই ধরা পড়ে তার জালে। পরে মাছটি বিক্রির জন্য নদীতীরবর্তী আড়তে নিয়ে আসেন।

 

জেলে মাকসুদ মাঝি বলেন, নিষেধাজ্ঞা চলাকালে আমরা নদীতে যাইনি। নিষেধাজ্ঞা শেষ হওয়ার ৩ দিনের মাথায় মেঘনা নদীতে মাছ ধরতে নেমে ১৫ কেজি ওজনের পাঙাশ মাছটি আমাদের জালে ধরা পড়েছে এবং আড়তে নিলামে ১০ হাজার ১০০ টাকায় বিক্রি করেছি। এতে আমরা অনেক খুশি।

 

মাছটি বিক্রির উদ্দেশ্যে ঢাকার মাওয়া ঘাটে পাঠানো হবে জানিয়ে ক্রেতা কামাল হোসেন বলেন, মাওয়া ঘাটে ন্যূনতম ১২ হাজার টাকায় বিক্রি করতে পারব বলে আমি আশাবাদী। মাছটির নিলামে অনেকেই অংশগ্রহণ করেছিলেন, সর্বোচ্চ দামেই আমি কিনে নিয়েছি।

 

ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে বড় বড় পাঙাশসহ অন্যান্য মাছ ধরা পড়ছে জানিয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, আশা করি সামনের দিনগুলোতে আরও বেশি পরিমাণে মাছ পাবেন জেলেরা এবং নিষেধাজ্ঞায় কর্মহীন থাকা জেলেরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com