March 1, 2026, 4:17 pm
বিপ্লবী ডেস্ক ॥
পিরোজপুরের ভান্ডারিয়ায় জাটকা সংরক্ষণ অভিযানে দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ছয়টার দিকে কচা নদীতে বিশেষ অভিযান চালিয়ে এফ বি মায়ের দোয়া ও এফ বি সোলায়মান নামের ট্রলার দুটি জব্দ করা হয়। অভিযানের সময় ট্রলার দুটি থেকে প্রায় ১০ মন জাটকা মাছ উদ্ধার করা হয়। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ ও পরিবহন করা হচ্ছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে নদীর বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়। এক পর্যায়ে কচা নদীতে সন্দেহভাজন ট্রলার দুটিতে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। আটক ট্রলারে থাকা সবুজ হোসেন(৩৫), নুরুল ইমন শিকদার(৪২) এবং হোসেন খান(২৫) কে ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। উদ্ধারকৃত জাটকা গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার জানান, জাটকা নিধন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং মৎস্য ও সম্পদ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোস্টগার্ডের কন্টিনজেন্ট কর্মকর্তা মোঃ রাজু আহমেদ জানিয়েছেন, নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply