April 30, 2026, 1:20 pm

শিক্ষার্থী সানজিদা কবির আনিতা হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শিক্ষার্থী সানজিদা কবির আনিতা হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
বরিশাল সরকারি ব্রজমোহন (বি.এম) কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সানজিদা কবির আনিতা হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন প্রগতিশীল ছাত্র ও নারী সংগঠন। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম এবং সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তার। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সংগঠনের অর্থ সম্পাদক সালমা নাছরিন, সদস্য ইসমত আরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ, সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. ইমরান, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক লামিয়া সাইমুন এবং নাজলা আক্তারসহ অনেকে। বক্তারা বলেন, গত ২৩ এপ্রিল নগরীর মুনশি গ্যারেজ এলাকায় মাইনুল ইসলাম হিমুর বাসা থেকে সানজিদা কবির আনিতার মরদেহ উদ্ধার করা হয়। আনিতা সরকারি ব্রজমোহন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় অভিযুক্ত হিমুর বিরুদ্ধে এর আগেও ঝালকাঠিতে তার প্রথম স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ ছিল বলে উল্লেখ করেন বক্তারা। তাদের অভিযোগ, ওই ঘটনার বিষয়ে জানার পর আনিতা অভিযুক্তের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইলে পরিকল্পিতভাবে তাকে বাসায় ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সমাবেশে বক্তারা বলেন, একটি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় আরেকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতির ভয়াবহ উদাহরণ। তারা বলেন, অপরাধীরা যখন বারবার পার পেয়ে যায়, তখন তাদের মধ্যে নতুন অপরাধ করার প্রবণতা তৈরি হয়। বক্তারা আরও বলেন, দেশে নারী নির্যাতন, হত্যা ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন স্তরে নারীর প্রতি অবমাননাকর বক্তব্য ও বৈষম্যমূলক মনোভাব সমাজে সহিংসতার পরিবেশ তৈরি করছে। তারা অবিলম্বে আনিতা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অশ্বিনী কুমার হল চত্বর থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com