রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Logo

ভোলায় ধরা পড়ল রাজা ইলিশ, দাম কত জানেন?

প্রতিবেদকের নাম / ১ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ভোলার বঙ্গোপসাগরের মোহনায় জেলেদের জালে আড়াই কেজি ওজনের একটি বড় ‘রাজা ইলিশ’ ধরা পড়েছে। মাছটি আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১২ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ইলিশা তালতলি মৎস্যঘাটে নাগর হাজারির আড়তে মাছটির নিলাম হয়। এ সময় সর্বোচ্চ দামে মাছটি ক্রয় করেন ব্যবসায়ী লোকমান হোসেন।

আড়ৎদার ও স্থানীয়রা জানান, গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে বঙ্গোপসাগর মোহনায় স্থানীয় জেলে মিরাজ মাঝির জালে অন্যান্য মাছের সঙ্গে রাজা ইলিশ মাছটিও ধরা পড়ে। পরে মাছ ধরা শেষে শুক্রবার তারা ভোলা সদর উপজেলা ইলিশা মাছঘাটে ফিরে আসেন। মাছটি আড়তে আনার পর বড় আকৃতির ইলিশটি দেখতে তালতলি ঘাটে ভিড় করেন জেলে, মাছ ব্যবসায়ীসহ উৎসুক জনতা। পরে উন্মুক্ত নিলামে ১২ হাজার ৯০০ টাকায় লোকমান হোসেন রাজা ইলিশটি কিনে নেন।

আড়তদার নাগর হাজারি বলেন, আড়তে সাধারণত এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। আমার মনে হচ্ছে আড়াই কেজি ওজনের ইলিশটি এই মৌসুমের সবচেয়ে বড় ইলিশ। স্বতঃস্ফূর্তভাবে ঘাটের সব আড়তদাররা মাছটি কেনার জন্য নিলামে অংশ নিয়েছিলেন।

 

মাছটির ক্রেতা লোকমান হোসেন বলেন, রাজা ইলিশটি সর্বোচ্চ দামে কিনেও মনে হচ্ছে জিতেছি। অন্যান্য মাছের সঙ্গে রাজা ইলিশটি ঢাকার মাওয়া ঘাটে বা অন্যকোনো বাজারে বিক্রির জন্য পাঠাব। আশা করি ১৫ হাজার টাকায় বিক্রি করতে পারব।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন বলেন, এটি অন্য জেলেদের জন্যও আনন্দের খবর। মৌসুমের শেষদিকে এসে নদীতে ও সাগরে বড় ইলিশ ধরা পড়া অবশ্যই ভালো। আড়াই কেজির রাজা ইলিশটির বয়স আনুমানিক দুই থেকে আড়াই বছর হতে পারে। সামনে যেহেতু ইলিশের প্রজনন মৌসুম, তাই ধারণা করা যায় বড় ইলিশ নদীতে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com