রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Logo

সংকট সমাধান করতে না পারলে সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত: ইসলামী আন্দোলনের মহাসচিব

প্রতিবেদকের নাম / ১ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

গ্যাস, বিদ্যুৎ ও পানিসংকট এবং মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ শাখা। ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৬ছবি: ইসলামী আন্দোলনের সৌজন্যে

দেশে বিদ্যমান বিভিন্ন সংকটের সমাধান করতে না পারলে সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, রাষ্ট্রের গুরুতর সমস্যা সমাধানে সরকারের মধ্যে গা ছাড়া ভাব দেখা যাচ্ছে। তারা ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধ ইত্যাদি কারণ দেখিয়ে দায় এড়াতে চায়।

আতাউর রহমান বলেন, কোনো কোনো ক্ষেত্রে আগের সরকারের ওপরে দায় দিয়ে দায়িত্ব এড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রীরা সাংবাদিকদের সামনে এসে শুধু দুঃখ প্রকাশ করেন। দেশকে সংকটে ফেলে শুধু দুঃখ প্রকাশ করলে হবে না। সমাধান করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব এ কথা বলেন। গ্যাস, বিদ্যুৎ ও পানিসংকট এবং মূল্যস্ফীতির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

সমাবেশে আতাউর রহমান বলেন, নির্বাচনের পর ছয় মাস পার হয়েছে। কোনো ধরনের সংকট উত্তরণ করতে না পারলেও জনগণকে নতুন নতুন সংকটের সম্মুখীন করেছে সরকার। তারা এমন কোনো কাজ করতে পারেনি, যার মাধ্যমে জনগণ আশ্বস্ত হবেন।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, বর্তমানে জ্বালানিসংকটের কারণে শিল্পোৎপাদনে ধস নেমেছে, হাজার হাজার মানুষ বেকার হচ্ছেন। বিদ্যুতের সমস্যার কারণে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। গ্যাসের কারণে বাসাবাড়ির রান্না বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে। বেকারত্বের কারণে চুরি, ছিনতাই, রাহাজানিসহ আইনশৃঙ্খলার অবনতি নগরজীবনকে আতঙ্কিত করে তুলছে।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, রাষ্ট্রের সংকট সমাধান হতেই হবে। সংকটের কারণ যা–ই হোক না কেন, রাষ্ট্রের সংকট সমাধান করাই সরকারের কাজ। দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। সমস্যার সমাধান করতে না পারলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের স্থলে যোগ্যদের দায়িত্ব দিন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com