ঝালকাঠির নলছিটি উপজেলায় তিনটি অসহায় পরিবারকে স্বনির্ভর করে তুলতে একটি অটোভ্যান ও দুটি বকনা বাছুর উপহার দিয়েছে সঙ্গে আছি ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির স্বনির্ভর কার্যক্রমের আওতায় গত শুক্রবার উপজেলার পাবলিক লাইব্রেরির সামনে এসব উপহার হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক শামসুল আলম বাহার, আব্দুর রব মল্লিক, প্রভাষক মনিরুজ্জামান মল্লিক, সাংবাদিক মুনিরুজ্জামান, মো. বাহাউদ্দিন মিয়া ও সঙ্গে আছি ফাউন্ডেশনের সভাপতি মো. জসিম উদ্দিন খান।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সহায়তা পাওয়া তিনটি পরিবারের উপার্জনক্ষম প্রধান ব্যক্তিরা আয় করতে অক্ষম। পরিবারগুলোর প্রতিটিতেই রয়েছে ছোট শিশু। তাদের মধ্যে বাবু দেবনাথের চার মেয়ে রয়েছে, যাদের দুজন প্রতিবন্ধী।
এই সহায়তার মাধ্যমে পরিবারগুলো বিকল্প আয়ের সুযোগ পাবে এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।