ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আছে জাতীয় কৌশলপত্র। রোগটির বিস্তার ঠেকাতে কী কী পদক্ষেপ নিতে হবে, কোন সংস্থার কী দায়িত্ব, এমনকি ২০৩০ সালের মধ্যে সংক্রমণ প্রতি লাখে ১০০ জনের নিচে নামিয়ে আনার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। তবে কৌশলপত্র প্রণয়নের তিন বছর পেরিয়ে গেলেও এর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। মশা নিয়ন্ত্রণ, রোগী ব্যবস্থাপনা, নজরদারি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েই গেছে। এর মধ্যে এই বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। দেশে ডেঙ্গুর ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০২তে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৮ জন। সব মিলিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ৬৪ হাজার ১০৭। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৫৭ হাজার ৯৮৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ হাজার ৬১৭ জন।
ডেঙ্গুতে এ বছরে মৃত্যুর সংখ্যা এরই মধ্যে গত বছরের মোট মৃত্যুকে ছাড়িয়েছে। ২০২৫ সালে এ রোগে মারা গিয়েছিলেন ৪১৩ জন। এর আগে ২০২৩ সালে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন এবং ২০২৪ সালে ৫৭৫ জনের মৃত্যু হয়।
তবে সরকারি হিসাবে ডেঙ্গুর প্রকৃত চিত্র উঠে আসছে না বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান মূলত হাসপাতালভিত্তিক। হাসপাতালে না গিয়ে বাড়িতে চিকিৎসা নেওয়া রোগী এবং সেখানে মারা যাওয়া ব্যক্তিদের তথ্য এই হিসাবে নেই। ফলে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি হতে পারে।
দেশে ডেঙ্গুকে জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে বিবেচনা করা শুরু হয় ২০০০ সালে। স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সাল পর্যন্ত আগের ২৩ বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রায় আড়াই লাখ মানুষ। মারা যান প্রায় ৮৫০ জন। তবে পরের বছরগুলোতে পরিস্থিতির অবনতি ঘটে।
২০২৩ সালে দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়। ওই বছর হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজারের বেশি রোগী। মারা যান এক হাজার ৭০৫ জন। পরের বছর ২০২৪ সালে মৃত্যু হয় ৫৭৫ জনের। গত বছর তা কমে ৪১৩ জনে নেমেছিল। চলতি বছর আবারও মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু মোকাবিলার অভিজ্ঞতা থাকলেও তা কাজে লাগিয়ে কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা যায়নি। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ধারাবাহিক উদ্যোগ নেই। রোগীর চিকিৎসা ও ব্যবস্থাপনায়ও রয়েছে সীমাবদ্ধতা। মশা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং চিকিৎসা ও রোগ নজরদারির দায়িত্বে থাকা স্বাস্থ্য বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়ও গড়ে ওঠেনি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক আবু জামিল ফয়সাল বলেন, দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু মোকাবিলায় কাজ করলেও এই রোগ নিয়ন্ত্রণে সরকার এখনও আশানুরূপ সাফল্য দেখাতে পারেনি। যতটুকু উদ্যোগ দেখা যায়, এর বড় অংশই রোগীর চিকিৎসাকেন্দ্রিক। অথচ দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম এ রোগ প্রতিরোধে কার্যকর উদ্যাগ নেই।
তিনি বলেন, এডিস মশার আচরণ ও বিস্তারের ধরনে পরিবর্তন এসেছে। আবহাওয়াসহ বিভিন্ন কারণে ডেঙ্গু এখন আর নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নেই; সারা বছরই সংক্রমণের ঝুঁকি থাকছে। ফলে পুরোনো পদ্ধতিতে বিচ্ছিন্নভাবে মশা নিধন করে পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়। এখন সমন্বিত ও ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন।
পরিকল্পনা অনেক, বাস্তবায়ন বহুদূর
২০২৩ সালের জুনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কৌশলপত্র প্রণয়ন করে। ২০২৪ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদের এই কৌশলপত্রে ২০৩০ সালের মধ্যে প্রতি লাখ মানুষের বিপরীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শতকের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়।
কৌশলপত্রে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানো; সমন্বিত মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া; ডেঙ্গু নজরদারি ও তাৎক্ষণিক তথ্য সরবরাহব্যবস্থা শক্তিশালী করা; সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো; গবেষণা ও টিকা উদ্ভাবনে গুরুত্ব দেওয়া এবং কার্যক্রম তদারকিতে টাস্কফোর্স গঠন।
কৌশলপত্রে শুধু করণীয় নির্ধারণই নয়, এসব উদ্যোগ কীভাবে বাস্তবায়ন করতে হবে, তারও দিকনির্দেশনা রয়েছে। তবে মাঠ পর্যায়ে এসব পরিকল্পনার কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। ডেঙ্গু নজরদারি, রোগীর তথ্য সংগ্রহ, মশা নিয়ন্ত্রণ এবং চিকিৎসাব্যবস্থার সমন্বিত উন্নয়ন কোনো ক্ষেত্রেই অগ্রগতি নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সরকারি হিসাবে নেই অনেক রোগী
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, সরকারি হিসাব মূলত হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভরশীল। রাজধানীর ১৮টি সরকারি ও ৫৯টি বেসরকারি হাসপাতালের তথ্য নিয়মিত হালনাগাদ করা হয়। এর বাইরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা ও জেনারেল হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করা হয়। তবে সব বেসরকারি হাসপাতালের তথ্য এই পরিসংখ্যানে যুক্ত হচ্ছে না।
এ ছাড়া জ্বর ও অন্যান্য উপসর্গ দেখা দেওয়ার পর অনেক রোগী পরীক্ষা করিয়ে বাড়িতেই চিকিৎসা নেন। তাদের তথ্যও সরকারি হিসাবে থাকছে না। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় কারও মৃত্যু হলে তা ডেঙ্গুর পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হওয়ার নিশ্চয়তা নেই।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, সরকারি হিসাবের বাইরে কয়েক গুণ বেশি রোগী থাকতে পারেন। কেউ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন, এমনকি সেখানে মারা গেলেও তাদের সংখ্যা জানা যাচ্ছে না। রোগী ব্যবস্থাপনার দুর্বলতার বিষয়টি অনেক আগে থেকেই বলা হচ্ছে। রোগ ও রোগীর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে কোনো রোগই নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, ডেঙ্গু চিকিৎসার বিকেন্দ্রীকরণ হয়নি। দেশের বিভিন্ন অঞ্চলের রোগীরা চিকিৎসার জন্য ঢাকামুখী হচ্ছেন। এতে চিকিৎসা পেতে দেরি হচ্ছে, রাজধানীর হাসপাতালগুলোর ওপর চাপ বাড়ছে। এ কারণে স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কৌশলপত্রের বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস সমকালকে বলেন, জাতীয় কৌশলপত্রটি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) অধীনে ছিল। বর্তমানে সেখানে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ শাখা হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।
এ বিষয়ে জানতে রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুল রশিদকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।