রাজপথের ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রাখতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে ঐক্যের উদ্যোগ নিয়েছে বিএনপি। ফ্যাসিবাদবিরোধী দলগুলো এক থাকলে অন্য কারও কিছু করার সুযোগ নেই– এই বার্তা দেওয়া এবং ডিসেম্বর পর্যন্ত সব দলকে রাজপথে সক্রিয় রেখে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে কোনো তৎপরতা চালানোর সুযোগ না দেওয়া এই ঐক্যের উদ্দেশ্য।
জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিরোধী জোট ১১ দলের শরিকরা রাজপথে শক্তি দেখানোর কর্মসূচি দিলেও ঐক্যের জন্য আনুষ্ঠানিক সংলাপে বসতে গণভোটের ফল অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ নানা শর্ত দিয়েছে বিএনপিকে।
সরকারি এবং বিরোধী দল সূত্র জানিয়েছে, আগামী ২৭ বা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে পারেন। এর আগে আজ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর মাধ্যমে সংলাপ শুরু হচ্ছে, নাকি পরবর্তী সময়ে সব দলগুলোকে প্রধানমন্ত্রীর সংলাপ হবে, তা গতকাল রোববার রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
আনুষ্ঠানিক সংলাপের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক নিয়ে নাখোশ জামায়াত। তবে বিএনপি এবং এনসিপি সূত্র জানিয়েছে, গত ১৮ নভেম্বর সংসদে প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতার যে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছিল, এর ধারাবাহিকতায় এনসিপির সঙ্গে কথা বলবেন সরকারপ্রধান। সম্ভাব্য এই বৈঠকের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও অনানুষ্ঠানিক রাখতে দুপক্ষই নীরব রয়েছে। এনসিপির তিন জ্যেষ্ঠ নেতা আজ দুপুর ১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন বলে জানা গেছে। গতকাল রোববার রাতে এনসিপির রাজনৈতিক পর্ষদের বৈঠকে প্রধানমন্ত্রীর এই সংলাপে অংশগ্রহণের সিদ্ধান্ত অনুমোদিত হয়।
গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোকে ঐক্যের সংলাপে আমন্ত্রণ জানাতে বিএনপি দলীয়ভাবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে যোগাযোগ চলছে। বিএনপির একাধিক হুইপ এর দূতিয়ালি করছেন। তারা জানিয়েছেন, জামায়াতের আমির শফিকুর রহমান আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার পর দলটির সঙ্গে সংলাপের দিনক্ষণ ঠিক হবে।
আওয়ামী লীগ আগামী ২৯ ও ৩০ নভেম্বর আবার লকডাউনের ঘোষণা দিয়েছে। দলটি ১৯ নভেম্বরের লকডাউনের মতো নাশকতা করতে পারে এমন আশঙ্কায় এর আগেই সবাইকে নিয়ে সংলাপে বসতে পারে বিএনপি।
বিএনপির হুইপ আশরাফ উদ্দিন নিজান সমকালকে বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিরোধীদলীয় নেতার সঙ্গে কথা বলেছেন। আরও অনেকের সঙ্গে কথা বলবেন।
সরকারদলীয় আরেক হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সংলাপে স্পষ্ট হবে শুধু গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নয়, জনগণও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। যারা বাংলাদেশের ওপর ১৫ বছর নিপীড়ন চালিয়েছে, বিচারের মুখোমুখি না হওয়া পর্যন্ত তাদের কোনো সুযোগ নেই। নাশকতা করেও তারা পার পাবে না।
নাশকতার কারণে বিরোধ থেকে ঐক্যের চিন্তা
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা। তাঁর এ ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৫ থেকে ১৮ নভেম্বর চার দিন গোপালগঞ্জে দুটি থানায় আগুন দেন। লুট করা হয় অস্ত্র। এ ছাড়া বিএনপির স্থানীয় তিনজন সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িঘর, হাসপাতালে আগুন দেন তারা।
দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্থাপনায় আগুন এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে সেগুলোর ভিডিও সামাজিক মাধ্যমে নিজেরাই প্রচার করছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির তিনজন নেতাকর্মী নিহত হয়েছেন। এ ছাড়া একজন বাসচালক ও একজন চালকের সহকারীর প্রাণ গেছে। এর জেরে নড়াইলে বিএনপির নেতাকর্মীরা সন্দেহভাজন হামলাকারীদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন। রাস্তায় পাহারা বসিয়ে ককটেলের বিস্ফোরণ এবং আগুন দিতে আসার অভিযোগে আওয়ামী লীগকর্মীদের ধরে মেরে পুলিশে দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
জুলাই গণঅভ্যুত্থানে একসঙ্গে অংশ নিয়ে শেখ হাসিনার ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটানো দলগুলো অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন ও সংস্কার প্রশ্নে বিরোধে জড়ায়। ক্ষমতায় আসা বিএনপি এবং বিরোধী দলের আসনে বসা জামায়াতের মধ্যে এ বিরোধ দিনে দিনে বেড়েছে। বিএনপির সঙ্গে এনসিপিরও দূরত্ব বেড়েছে।
৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতেও তা অব্যাহত ছিল। কিন্তু ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগ ধর্মঘট ডেকে গোপালগঞ্জে প্রকাশ্যে দেশি অস্ত্র নিয়ে মহড়া দিলে পরিস্থিতি পরিবর্তন হতে থাকে। অধিবেশনের তৃতীয় দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বান জানান। ১৭ নভেম্বর থানা এবং এমপিদের বাড়িতে আগুনের পর সরকারি এবং বিরোধী দল তা ঠেকানোর কথা বলে। ১৮ নভেম্বর সমাপনীর আগে প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা অনানুষ্ঠানিক বৈঠক করেন।
এরপর সেদিন সংসদে প্রধানমন্ত্রী জুলাইয়ের ঐক্য গড়ার আহ্বান জানান। আওয়ামী লীগকে ইঙ্গিত করে হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদ মাথা তুলতে চাইলে তা গুঁড়িয়ে দেওয়া হবে। পরের দিন ১১ দলীয় ঐক্যের বৈঠকে আহ্বানে জোটগতভাবে সাড়া দেওয়ার সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর মন্ত্রী এবং বিএনপি নেতারাও আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিচ্ছেন। যাদের অনেকে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন নির্বাচনের আগে।
প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা সমকালকে বলেন, আওয়ামী লীগ প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলার পরিবর্তে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে গুম, খুন, গুলি করিয়ে দমন করত। ফলে জুলাই অভ্যুত্থান ঘটে। মানবাধিকার লঙ্ঘনের কলঙ্কে আওয়ামী লীগ কোণঠাসা। বিএনপি একই পথে পা বাড়াবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে গুলি না করিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। এ কারণেই গোপালগঞ্জে শক্তি প্রয়োগ করেনি। আওয়ামী লীগের উস্কানি ছিল, সরকার গুলি চালাক। যাতে প্রাণহানি ঘটত। আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘনে বিএনপিকে তাদের স্তরে নামিয়ে আনত। সরকার দেশি-বিদেশি চাপে পড়ত।
এই উপদেষ্টা আরও বলেন, প্রাণহানি ঠেকাতে তাই রাজনৈতিক দলগুলো রাজপথের নিয়ন্ত্রণ রাখবে। তখন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নাশকতা নিয়ন্ত্রণ সহজ হবে। আবার রাতের বেলায় মানুষের ঘরে আগুন দেওয়া; বাজার, যানবাহন পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটালে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয়ে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে আরও চাপে পড়বে।
এনসিপি দিচ্ছে নানা শর্ত
জোটগতভাবে সরকারের সঙ্গে সংলাপের আলোচনা হলেও ১১ দলের শরিক এনসিপি প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক করতে যাচ্ছে তাতে নাশোখ জামায়াত। যদিও এনসিপির সূত্র সমকালকে বলেছে, বিএনপি চেয়ারম্যান এবং জামায়াত আমিরের বৈঠকের পর তৃতীয় বৃহত্তম দল হিসেবে এনসিপি নেতৃত্বকে সরকারপ্রধান আমন্ত্রণ করেছেন। রাজনৈতিক গুরুত্ব ধরে রাখতে, এনসিপি এতে সাড়া দিয়েছে।
বৈঠকটি অনানুষ্ঠানিক হওয়ায় এনসিপির কেউ সংবাদমাধ্যমে মুখ খুলতে রাজি হননি। দলটির একাধিক নেতা বলেন, নিঃশর্ত ঐক্য হবে না। তারা ভিত্তিহীন এবং ডিসেম্বরকেন্দ্রিক ঐক্য চান না। সংবিধান সংশোধন কমিটি বাতিল করে জুলাই সনদ অনুযায়ী সংস্কার, জুলাই হত্যার জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচারের শর্ত দেবেন। প্রধানমন্ত্রীর কাছে এসব শর্ত তুলে ধরবেন।
এক সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে গতকাল রোববার দেশে ফিরে একই বার্তা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সত্যতা নিশ্চিত না করলেও বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা এবং গঙ্গা চুক্তি নবায়নসহ মৌলিক ইস্যুতে বিএনপি অঙ্গীকারবদ্ধ হলে ঐক্য হতে পারে। প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। নইলে ডিসেম্বরের ঐক্য জানুয়ারিতে থাকবে না।
এনসিপি নানা শর্ত দিলেও দলটি আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে এনসিপি। আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে দলটি। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সমকালকে বলেন, সরকারের সঙ্গে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের উত্থান রোধে তারা মাঠে আছেন, থাকবেন। এ জন্য ঐক্যের ব্যাপারে এনসিপি ইতিবাচক। তবে সেই ঐক্যের ভিত্তিটা পরিষ্কার হতে হবে।
রাজনৈতিক পর্ষদের বৈঠকের পর এনসিপি নেতারা সমকালকে বলেছেন, যদি প্রধানমন্ত্রী পরবর্তী সময়ে সব দলকে নিয়ে সংলাপ করেন, তাতেও অংশ নেবেন।
চাপে রাখছে জামায়াত
আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে জামায়াত ইতোমধ্যে ৪১ দিনের কর্মসূচি দিয়েছে। গতকাল রোববার দলের সব জেলা এবং মহানগর শাখার আমিরদের ঢাকা ডেকে এনে জরুরি সম্মেলন করেছে। তাদের বার্তা দেওয়া হয়েছে সরকারের সঙ্গে দূরত্ব থাকলেও দলীয় স্বার্থে আওয়ামী লীগকে ঠেকাতে হবে। তারা যাতে নামতে না পারে, সে জন্য জেলা এবং মহানগরগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
জেলা এবং মহানগর আমিরদের উদ্দেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহার বলেন, আওয়ামী লীগ শক্তের ভক্ত, নরমের যম। জনগণ শক্ত হয়ে দাঁড়ালে জায়গা পাবে না। অনেকে পালিয়ে গেছে। সরকারকে সন্ত্রাসীদের শক্তভাবে দমন করতে হবে। জনগণের যাতে ক্ষতি না হয়, সেজন্য দায়িত্বশীল দল হিসেবে মাঠে-ময়দানে থাকবে জামায়াত।
জামায়াতের মহানগর শাখাগুলোও নানা কর্মসূচি ঘোষণা করতে শুরু করেছে। জামায়াত এই অবস্থান নিলেও বিএনপির সঙ্গে ঐক্যের প্রশ্নে নানা চাপ রাখছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ঐক্য কীসের ভিত্তিতে হবে? ঐকমত্য ছাড়া তো ঐক্য হয় না। সরকারি দল যদি গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে রাজি হয়, তাহলে ঐক্য হবে। বিচার এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ এমনিতেই দমন হয়ে যাবে।
বিএনপির সমমান এবং ১১ দলের বাইরে থাকা দলগুলোকেও সংলাপে আমন্ত্রণ জানানো হতে পারে। রুহুল কুদ্দুস দুলু বলেন, ফ্যাসিবাদ বিরোধী সব দল থাকবে সংলাপে।
চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান জানান, তারা এখনও আমন্ত্রণ পাননি।