আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা হারানোর ঝুঁকিতে পড়বেন প্রার্থীরা। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা বাড়িয়ে বিধিমালা সংশোধন করা হয়েছে। এখন লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে কমিশন।
গতকাল শনিবার ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, গত ৩ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা চূড়ান্ত করে গেজেট প্রকাশ হয়েছিল। সেখানে প্রার্থিতা বাতিলের বিষয়টি পুরোপুরি ব্যাখ্যা করা হয়নি। এজন্য ইসি গত ১১ নভেম্বর প্রার্থিতা বাতিলের বিষয়টি স্পষ্ট করে আচরণ বিধিমালা হালনাগাদ করে প্রকাশ করেছে। এক্ষেত্রে বিধামালার বিধি ৩২-এর উপবিধি ১ ও ২ সংশোধন করা হয়েছে।
ইসি কর্মকর্তারা আরও বলেছেন, আগের বিধান অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘনের কোনো লিখিত অভিযোগ এলে কমিশনের কাছে যদি মনে হতো প্রার্থিতা বাতিলের মতো অভিযোগ, তাহলে কমিশন তদন্তের নির্দেশ দিতে পারত। এখন অভিযোগটি প্রার্থিতা বাতিল হওয়ার মতো কিনা, তা আর বিবেচনা করতে হবে না। এক্ষেত্রে বিধিমালা কেউ লঙ্ঘন করলেই কমিশন ব্যবস্থা নিতে পারবে।
বিধিতে আগে বলা যা ছিল
কমিশন কর্তৃক প্রার্থিতা বাতিল: (১) এই বিধিমালার অন্যান্য বিধানে যা কিছুই থাকুক না কেন, কোনো উৎস থেকে পাওয়া রেকর্ড বা লিখিত রিপোর্টের ভিত্তিতে কমিশনের কাছে প্রতীয়মান হয় যে, চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন এবং এ কারণে তিনি নির্বাচিত হওয়ার অযোগ্য হতে পারেন, তাহলে কমিশন বিষয়টি তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারবে।
(২) উপ-বিধি (১) অনুযায়ী তদন্ত রিপোর্ট পাওয়ার পর কমিশন যদি সন্তুষ্ট হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট বা তাঁর নির্দেশে কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন এবং এ কারণে ওই প্রার্থী চেয়ারম্যান বা সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হতে পারেন, তাহলে কমিশন তাৎক্ষণিকভাবে লিখিত আদেশের মাধ্যমে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।
সংশোধিত বিধিতে যা আছে
কমিশন কর্তৃক প্রার্থিতা বাতিল: (১) এই বিধিমালার অন্যান্য বিধানে যা-ই থাকুক না কেন, কোনো উৎস থেকে পাওয়া রেকর্ড বা লিখিত রিপোর্টের ভিত্তিতে কমিশনের কাছে প্রতীয়মান হলে, চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্তের নির্দেশ দিতে পারবে।
(২) উপ-বিধি (১) অনুযায়ী তদন্ত রিপোর্ট পাওয়ার পর কমিশন যদি নিশ্চিত হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট, বা তাঁর নির্দেশে বা তাঁর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন তাৎক্ষণিকভাবে লিখিত আদেশের মাধ্যমে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।
ইসি ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউপিতে, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।