শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Logo

মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর

প্রতিবেদকের নাম / ১ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে বরিশালে তিন দিনব্যাপী ঐতিহাসিক বার্ষিক মাহফিল শুরু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা চরমোনাই মাদ্রাসার মূল মাঠসহ চারটি মাঠজুড়ে এ মাহফিলের কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অধিবেশনে পীর সাহেব চরমোনাই বলেন, চরমোনাই মাহফিল কোনো দুনিয়াবি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি; বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং মানুষকে আল্লাহমুখী করাই এ মাহফিল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। সুতরাং এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। কেউ এমন উদ্দেশ্য নিয়ে এসে থাকলে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।

তিনি আরও বলেন, যারা চরমোনাই মাহফিলে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল অন্তর থেকে দূর করে আখেরাতের চিন্তা অন্তরে ধারণ করুন। দিল থেকে বড়ত্ব ও আমিত্বের ভাব দূর করে আল্লাহর দরবারে নিজেকে সোপর্দ করতে হবে। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে সজীব রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির প্রত্যয় নিয়ে মাহফিল থেকে বিদায় নিতে হবে।

মাহফিলে আসা মুসল্লিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ চিকিৎসা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থ মুসল্লিদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদানের পাশাপাশি জরুরি প্রয়োজনে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও রয়েছে।

চারটি মাঠে মাহফিলের সার্বিক শৃঙ্খলা রক্ষা ও মুসল্লিদের সেবায় নিয়োজিত রয়েছে স্বেচ্ছাসেবক বাহিনী। নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা টিম। হারিয়ে যাওয়া ব্যক্তি ও মালামাল খুঁজে পেতে মাঠগুলোতে স্থাপন করা হয়েছে হারানো ক্যাম্প।

এছাড়া মুসল্লিদের খাবার, সুপেয় পানি, অজু, গোসল ও শৌচাগারের প্রয়োজনীয় ব্যবস্থাপনাও রাখা হয়েছে।

তিন দিনব্যাপী এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বরা বয়ান পেশ করবেন।

মাহফিলের নির্ধারিত সাতটি মূল বয়ানের মধ্যে চরমোনাই পীর পাঁচটি এবং শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম দুটি বয়ান পেশ করবেন।

এছাড়া মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিশেষ সম্মেলন, মতবিনিময় সভা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী সোমবার (৩০ নভেম্বর) ভোরে চরমোনাই পীরের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে।

উল্লেখ্য, চরমোনাই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে। চরমোনাই মাহফিল ও দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ এছহাক (রহ.)। তার ইন্তেকালের পর ১৯৭৭ সাল থেকে এ দরবারের জিম্মাদারি পালন করেন মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ.)। ২০০৬ সালে তার ইন্তেকালের পর থেকে আমীরুল মুজাহিদীন হিসেবে দায়িত্ব পালন করছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com