April 27, 2026, 3:07 pm
স্টাফ রিপোর্টার ॥
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় “স্বনির্ভর বাংলাদেশ” গড়ার লক্ষ্যে ব্যাপক পরিসরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। স্থানীয় জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জনদুর্ভোগ কমানোর উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাকেরগঞ্জের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তাঁর নেতৃত্বে এবং তত্ত্বাবধানে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দীর্ঘদিন অবহেলিত খালগুলো পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, বর্ষায় জলাবদ্ধতা কমবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে। তারা আরও বলেন, এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস পাবে, পাশাপাশি মাছ চাষ ও নৌ-যোগাযোগের সুযোগও সম্প্রসারিত হবে। এতে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তারা। স্থানীয় বাসিন্দারা জানান, খালগুলো ভরাট হয়ে যাওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হতো, যা কৃষিকাজ ও দৈনন্দিন জীবনযাত্রায় ভোগান্তি তৈরি করত। খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত তদারকির মাধ্যমে কাজের মান নিশ্চিত করা হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও একই ধরনের খাল পুনঃখনন কার্যক্রম চালানো হবে।
Leave a Reply