বিরতির পর নতুন সিনেমা ‘লিম্বো’ নিয়ে ফিরছেন তানিম রহমান অংশু। বছরের শেষ দিকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। এখন চিত্রনাট্য লেখার কাজ চলছে। সিনেমাটির চিত্রনাট্যকার হিসেবে আছেন বলিউডের আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’-এর গল্পকার বিপ্লব গোস্বামী। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন তানিম রহমান অংশু।

অংশু বলেন, ‘একটি খুব সাধারণ গল্পকে কতটা অসাধারণভাবে মানুষের সামনে উপস্থাপন করা যায়, বিপ্লব গোস্বামী তা ‘লাপাতা লেডিস’ দিয়ে দেখিয়েছেন। আমাদের গল্পটাও সাধারণ, তবে এর উপস্থাপন হবে অসাধারণ এবং একই সঙ্গে সহজবোধ্য। তাই
কথা প্রসঙ্গে তানিম রহমান জানান, প্রায় এক বছর আগে বিপ্লব গোস্বামীর সঙ্গে তাঁর পরিচয়। একাধিকবার তাঁদের কথা হয়েছে। ‘লিম্বো’ নিয়ে আলোচনা করতে গিয়ে মনে হয়, এ প্রকল্পে বিপ্লব যুক্ত হলে গল্পটি আরও সমৃদ্ধ হবে। পরে একসঙ্গে কাজের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
প্রথমবার বাংলাদেশের সিনেমায় চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন বিপ্লব গোস্বামী। গতকাল শনিবার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে তিনি বলেন, ‘আমরা কাজটা ঠিকমতো করতে চাই, বাকিটা মানুষ পর্দায় দেখে জানাক। এমন একটি সুযোগ তৈরি করে দেওয়ার জন্য পরিচালকের প্রতি কৃতজ্ঞ। অংশু ভাইয়ের অ্যাপ্রোচ যেমনটা ভালো লেগেছে, তেমনি মানুষ এবং নির্মাতা হিসেবেও তাঁকে ভালো লেগেছে। সিনেমাটা নিয়ে তাঁর যে ভাবনা, এটা সত্যিই প্রশংসনীয়—বাংলাদেশ থেকে এ রকম একটা সায়েন্স ফিকশন! আমার তো বাংলাদেশে আসা–যাওয়া আছে—‘লাপাতা লেডিস’ দিয়ে সেই দেশের মানুষের এত এত ভালোবাসা পেয়েছি, এটা আমার জন্য ভীষণ ইমোশনাল একটা ব্যাপার। এরপর সেখানে কয়েকজন নির্মাতার সঙ্গে কথাও হয়েছে, আমার নিজেরও কাজ করার আগ্রহ ছিল, সেটা ‘লিম্বো’র মতো সুন্দর একটা প্রজেক্ট দিয়ে হচ্ছে ভেবে বেশি ভালো লাগছে।’
‘লিম্বো’ দিয়ে প্রায় সাত বছর পর সিনেমা নির্মাণে ফিরছেন অংশু। তাঁর সর্বশেষ সিনেমা ‘ন ডরাই’ মুক্তি পায় ২০১৯ সালে। ওই ছবির চিত্রনাট্য লিখেছিলেন কলকাতার শ্যামল সেনগুপ্ত।

দীর্ঘ বিরতির পর ফেরা প্রসঙ্গে অংশু বলেন, ‘গত ছয়-সাত বছরে বেশ কয়েকটি ছবি পরিকল্পনায় ছিল। কিন্তু এমন কিছু খুঁজছিলাম, যা হবে চ্যালেঞ্জিং। আমি সব সময় নতুন জনরায় কাজ করতে পছন্দ করি, এই ছবিটাও তাই।’
নির্মাতার মতে, ‘লিম্বো’ বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্সধর্মী চলচ্চিত্র। তিনি বলেন, ‘বাংলাদেশে এটি নির্মাণ অসম্ভব মনে হলেও একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে সেই চ্যালেঞ্জই নিয়েছি। এখন শিল্পী বাছাইয়ের কাজ চলছে। সিনেমাটির মাধ্যমে তাসকিন রহমানেরও দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরার কথা রয়েছে।







