শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Logo

ফ্যাসিস্ট আমলে দখল করা সরকারি জমি উদ্ধার করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম / ১১ সময় দৃশ্য
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, ফ্যাসিস্ট সরকার সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, জমি দখল দুর্নীতির চরম শীর্ষে ছিল। তাদের সঙ্গে বিএনপির তুলনা করে লাভ নেই। এখন পর্যন্ত বরিশালে কোনো সরকারি সম্পত্তি বিএনপি লোকজন দখল করেনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আহম্মদ সোহেল মনজুর বলেন, বিগত সরকারের আমলে মন্ত্রণালয়ের বেশ কিছু জমি বাজারে পরিণত করে বিভিন্নভাবে বণ্টন করা হয়েছে। এসব সম্পত্তি আইনগতভাবে মন্ত্রণালয়ের আওতায় ফিরিয়ে আনা হবে। যেসব দখল বা বণ্টন অবৈধ, সেগুলোর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

গৃহায়ন মন্ত্রণালয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিম্ন ও মধ্যবিত্তদের জন্য ভবন নির্মাণ করেছে, তা বরিশালেও হবে জানিয়ে তিনি আরও বলেন, রূপাতলীতে প্রথম হাউজিং প্রতিষ্ঠা করেছিলেন আমার বাবা নুরুই ইসলাম মঞ্জু। ফ্যাসিস্ট সরকার সেই জমিও দখল করে নিয়েছে। এটাই তাদের চরিত্র।

পরিদর্শনকালে বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীনসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টার দিকে বরিশাল সার্কিট হাউসে পৌঁছান প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল। এ সময় বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ ও জেলা প্রশাসক মামুন খন্দকার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com