সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Logo
সর্বশেষ:

১২ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ব্যবসায়ীর

প্রতিবেদকের নাম / ১ সময় দৃশ্য
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর বাউফলে সমীর বণিক নামে এক ব্যবসায়ী গত ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর পরিবারের সদস্যদের।
নিখোঁজ সমীর বণিক বাউফলের বগা বন্দরের একজন মুদি ব্যবসায়ী ও বাউফল রক্ষাচণ্ডী মন্দিরের সহসভাপতি। বগা বন্দর ও বগা লঞ্চঘাট এলাকায় তাঁর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে বগা ফেরিঘাট থেকে ‘দশমিনা ট্রাভেলস’ নামে একটি বাসে ওঠেন সমীর। এর পর থেকে তিনি বাড়ি ফেরেননি। এ ঘটনায় তাঁর ভাই সঞ্জিব বণিক ২৩ সেপ্টেম্বর বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সঞ্জিব বণিক বলেন, ‘১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে আমার বোন পূজাকে মোবাইলে একটি বার্তা পাঠায় ভাই। পরদিন বিকেলেও তাঁর সঙ্গে বোনের কথা হয়। তখন তিনি ঢাকায় অবস্থান করছিলেন বলে জানান। এর পর থেকে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ফোন বন্ধ পাওয়ার পর প্রযুক্তিগত সহায়তায় ভাইয়ের মোবাইল ট্র্যাক করা হলে সর্বশেষ লোকেশন সাতক্ষীরা দেখায়। এর পর থেকে আর ট্র্যাকিংয়ে তাঁর অবস্থান পাওয়া যাচ্ছে না। ১৯ সেপ্টেম্বর রাতে ও পরদিন বিকেলে কথা বলার সময় তিনি ঢাকায় ছিলেন। তাহলে হঠাৎ তাঁর লোকেশন কীভাবে সাতক্ষীরা দেখায়, তা আমাদের বোধগম্য হচ্ছে না। ভাই ঢাকার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য ক্রয় করতেন। ওই প্রতিষ্ঠানে তাঁর প্রায় পাঁচ কোটি টাকা অগ্রিম দেওয়া ছিল বলে শুনেছি। এ টাকা নিয়ে কোনো দ্বন্দ্বের কারণে ভাইকে গুম করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছি।’
বাউফল সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দিরের সভাপতি ও সাবেক পৌর প্রশাসক জীবন কৃষ্ণ সাহা এবং বাউফল পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজিৎ সাহা বলেন, ‘সমীর বণিকের নিখোঁজের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গত ১২ দিন ধরে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পাশাপাশি আমাদের সম্প্রদায়ের মানুষের মধ্যেও উৎকণ্ঠা তৈরি হয়েছে।’
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে তাদের তৎপরতা চলছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানোসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com