ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় হারে ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে তাওহীদ হৃদয়ের দল। শারজায় আগে ব্যাট করে ১৬০ রানে অলআউট হওয়া বাংলাদেশকে টপকে ২৭.১ ওভারেই জয় নিশ্চিত করে আফগানিস্তান। আগামী ২৩ অক্টোবর ফাইনালে জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হেরেছিল বাংলাদেশ দল।
ফাইনালে যেতে হলে আগে ব্যাট করে আফগানিস্তানকে অন্তত ৪১ রানে হারাতে হতো বাংলাদেশকে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি দল। শুরুতেই ২৮ রানে ৪ উইকেট হারানোর পর পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান পঞ্চম উইকেটে ৯৩ রানের জুটি গড়েন। সাইফ ৪১ রান করে ফিরলেও ইমন করেন ৯৬ বলে ৭০ রান। শেষ দিকে রশিদ খানের চার উইকেটে ১৬০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
জবাবে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে অলআউট করতে পারলেই ফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। তবে সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হন বোলাররা। তাসকিন আহমেদ রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকউল্লাহ আতালকে ফিরিয়ে আশা জাগালেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আফগানিস্তান।
ইব্রাহিম জাদরান ৩৪ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন রহমত শাহ। ৯০ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন তিনি। হাশমতউল্লাহ শহীদি ৫৪ বলে ৩৬ রান করে তাকে সঙ্গ দেন। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় পায় আফগানিস্তান। বাংলাদেশের হয়ে তাসকিন নেন দুটি উইকেট, মুস্তাফিজুর রহমান একটি।