সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ বাউফলে নদী থেকে নিখোঁজ ব্যক্তির হাত-পা ও শরীরে ইট বাঁধা লাশ উদ্ধার নেছারাবাদে মন্দিরের জমি দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে  বরিশালে নজরুল স্মৃতিকেন্দ্র আটকে আছে নকশায় সম্মান খুইয়ে ক্ষুব্ধ কুয়াকাটার মানুষ স্থানীয়দের বাদ দিয়ে প্রশ্নবিদ্ধ কার্নিভ্যাল ৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখাল পাকিস্তান ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আজ, যেসব অঞ্চলে বৃষ্টির শঙ্কা বেতাগীতে মিনি পোশাক কারখানা, খুলছে সম্ভাবনার দ্বার যুবদল কর্মী হত্যাকাণ্ড: দুই আসামির বাড়িতে আগুন

নেছারাবাদে মন্দিরের জমি দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে 

প্রতিবেদকের নাম / ৩ সময় দৃশ্য
আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা অবস্থায় ২০২৪ সালের ৫ আগস্টের পর দখল হয়ে যায়।

মন্দির সংশ্লিষ্টদের অভিযোগ, উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম হাওলাদার জমিটি দখল করে চাষাবাদ শুরু করেছেন। এতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান বাধাগ্রস্ত হচ্ছে।

মন্দিরটির অবস্থান উপজেলার দক্ষিণপাড়ায়। এটি সর্বজনীন শীতলা মন্দির নামে পরিচিত। স্থানীয়রা জানান, মন্দিরের নামে প্রায় ৪২ শতক জমি রয়েছে। কয়েক দশক ধরে এখানে পূজা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়ে আসছিল। জমির আট মালিকের একজন সমীর রঞ্জন আইচ। তার কাছ থেকে অনিবন্ধিত বায়নাচুক্তির ভিত্তিতে কিছু জমি কেনেন শফিকুল ইসলাম। ২০২৪ সালের ৫ আগস্টের পট পরিবর্তনের পরপরই জমিটি দখলে নেন তিনি। সমীর রঞ্জন এখন ভারতে অবস্থান করছেন।

জমির আরেক মালিক ননী লাল বিশ্বাসের ছেলে মনোজ বিশ্বাস বলেন, সর্বশেষ হালনাগাদ বিএস রেকর্ড অনুযায়ী, জমিটি আটজন শরিকের নামে রেকর্ড করা হয়। শফিকুল একটি বায়নাচুক্তি দেখিয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা চলা অবস্থায় তিনি জমিটি দখলে নিয়ে ধান চাষ করছেন।

মনোজ বিশ্বাস বলেন, তাদের পূর্বপুরুষরাও ওই স্থানে শীতলা পূজা করেছেন। জমিটি উদ্ধার করে আগের মতো পূজা-অর্চনা চালুর দাবি জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য সুমন আইচ বলেন, ছোটবেলা থেকে তিনি ওই জমিতে শীতলা পূজা হতে দেখে আসছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর জামায়াত নেতা শফিকুল ইসলামের বিরুদ্ধে জমিটি দখলের অভিযোগ ওঠে। কাগজপত্র নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা এড়িয়ে যাচ্ছেন।

অভিযোগের বিষয়ে শফিকুল ইসলাম হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

সমুদয়কাঠি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবু হানিফ বলেন, শফিকুল ইসলাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে জমি-সংক্রান্ত বিষয়টি তার ব্যক্তিগত। ক্ষমতার অপব্যবহার করে কেউ জমি দখল করলে তার দায় দল নেবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনও অন্যায়কে প্রশ্রয় দেয় না।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব প্রলয় মণ্ডল এক বিবৃতিতে জানান, সমুদয়কাঠিতে জমি দখল, ধর্মীয় স্থাপনা ভাঙচুর ও সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানোর অভিযোগ পেয়ে তারা সেখানে গিয়েছিলেন। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত শফিকুল ইসলাম হাওলাদার তাতে সাড়া দেননি। আইনানুগ প্রক্রিয়ায় দ্রুত বিরোধ নিষ্পত্তির দাবি জানান প্রলয় মণ্ডল।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ওই জমি নিয়ে কিছুটা বিরোধ রয়েছে। এ বিষয়ে আদালতে মামলা রয়েছে। বিষয়টি নিয়ে একবার থানায় বসা হয়েছিল। উভয় পক্ষকে আইনি প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com