‘স্যার, মোরা কার্ড চাই না, বেড়িবাঁধ চাই। বেড়িবাঁধ দিয়া মোগো বাড়িঘর জমিজমা বাঁচান। মোর বাড়ি সাতবার ভাঙছে আর সাতবার সরাইছি। আছিল একটা ধানক্ষ্যাত, সেইটাও ভাঙতাছে।’ এভাবেই কষ্টের কথা বলছিলেন উত্তর রাকুদিয়া গ্রামের ষাটোর্ধ্ব কৃষক আইয়ুব আলী।
শুধু আইয়ুব আলী একা নন, অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক তার শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষা এবং হাফেজ এরশাদ হোসাইন মসজিদ রক্ষার জন্য বেড়িবাঁধ নির্মাণের অভিন্ন আকুতি জানিয়েছেন।
শনিবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের সুগন্ধা নদীর তীরে স্থানীয় তিনটি গ্রামের ভুক্তভোগী মানুষের প্রায় তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে এসব দাবি উঠে আসে। এতে অংশ নেন উপজেলার উত্তর রাকুদিয়া, চরসাধুকাঠী ও বাহেরচর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ। এ সময় তারা নদীভাঙন রোধসহ একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।
আয়োজক কমিটির আহ্বায়ক কবি সুজন মুন্নার সভাপতিত্বে নদীতীরে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা, বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ মো. এরশাদ হোসাইন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক, সাবেক অধ্যক্ষ আবদুল মতিন, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
গত ১৫ বছরে ৯ বার নদীভাঙনের শিকার চরসাধুকাঠী গ্রামের ভুক্তভোগী নারী ফাতেমা বেগম জানান, ১৫ বার নদীভাঙনের শিকার হয়ে তিনি এখন পুরোনো মহাসড়কের পাশে টিনের ছাপরায় থাকেন। তিনি এখন নিজের গ্রামেই ভিটামাটিহীন এক উদ্বাস্তু।
বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা বলেন, বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আবুল কালাম কলেজ, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, দেহেরগতি ইউনিয়ন পরিষদ ভবন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, উত্তর রাকুদিয়া বায়তুল আমান জামে মসজিদসহ বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সড়কটি এখন নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। অনতিবিলম্বে ভাঙন রোধে ব্যবস্থা না নিলে এসব প্রতিষ্ঠান হারিয়ে যাবে।
আয়োজক কমিটির আহ্বায়ক কবি সুজন মুন্না বলেন, ‘একটি বেড়িবাঁধের অভাবে উত্তর রাকুদিয়া, চরসাধুকাঠী ও বাহেরচর গ্রামের হাজার হাজার পরিবার ইতোমধ্যে নিঃস্ব হয়েছে। এদিকে একটি প্রভাবশালী মহল নদীতে অবৈধভাবে বালু তোলায় এই শুকনো মৌসুমেও সুগন্ধা নদী ভাঙছে। তাই নিরুপায় হয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে।
ভাঙনের বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, বাবুগঞ্জ উপজেলার প্রধান একটি সমস্যা হলো নদীভাঙন। উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আপদকালীন কিছু ত্রাণ দেওয়া ছাড়া নদীভাঙন রোধে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। পানি উন্নয়ন বোর্ডকে নিয়মিত বিষয়টি অবহিত করা হচ্ছে। এই আসনের সংসদ সদস্য ভাঙন রোধে বৃহৎ প্রকল্প বরাদ্দের জন্য কাজ করছেন।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, নদীভাঙনের স্থায়ী সমাধান বা বেড়িবাঁধ নির্মাণের জন্য মেগা প্রকল্প প্রয়োজন। জরুরি ভাঙন রোধে যে আপদকালীন বরাদ্দ পান, তা দিয়ে কিছু জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হয়। তবে বাবুগঞ্জ-মুলাদী এলাকার নদীশাসন, ড্রেজিং ও ব্লক পাইলিংয়ের প্রায় এক হাজার কোটি টাকার একটি প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।