রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা ১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নদীতীরে গ্রামবাসীর মানববন্ধন ‘মোরা কার্ড চাই না, বেড়িবাঁধ চাই’ প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠানে স্পিকার বুকের উপর উঠে মারধর বড় ভাইয়ের, প্রাণ গেল সাবেক যুবদল নেতার মদিনার দিকে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে নেওয়া হয়েছে : মুফতি ফয়জুল করিম

‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ফুটবলের অভিধানে ‘ফার্গি টাইম’ শব্দটা এসেছে ম্যানচেস্টার ইউনাইটেডের হাত ধরে। ঘড়ি ৯০ মিনিট ছাড়িয়ে গেলেও স্যার অ্যালেক্স ফার্গুসনের দল হাল ছাড়ত না, শেষ মুহূর্তের গোলে ম্যাচ উলটে দিত। ওই সময়টা ছিল প্রতিপক্ষের দুঃস্বপ্ন। সেই ফার্গুসন নেই, ফার্গি টাইমও ইউনাইটেডের নেই আর।

ইউনাইটেডের ফার্গি টাইমের প্রায় কাছাকাছি একটা বিষয়ের সঙ্গে পরিচিত বাংলাদেশও। তবে এই পরিচয়টা দুঃস্বপ্নের। ঘড়ির কাঁটা যখন ৮০’র আশেপাশে ঘুরঘুর করতে থাকে, ঠিক তখনই বাংলাদেশের দুয়ারে মূর্তিমান আতঙ্ক হয়ে হাজির হয় চেনা এক দুঃস্বপ্ন। গোল হজম করে সুযোগ হাতছাড়া করার দুঃস্বপ্ন।

শনিবার রাতে সাফের সেমিফাইনালে আরও একবার এল সেই দুঃস্বপ্ন। প্রতিপক্ষ পাকিস্তান। কোচ থমাস ডুলি ম্যাচের আগেই বলে রেখেছিলেন, এই ম্যাচটাই তাদের কাছে ফাইনাল। ৮৬ মিনিটে আবদুল সামাদের গোলে বাংলাদেশ হেরে গেল, বিদায় নিল সেমিফাইনাল থেকেই। আট বছর পর সেরা চারে ওঠা পাকিস্তান পেয়ে গেল ফাইনালের টিকিট। সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যায়, ১৭ নভেম্বর জাতীয় স্টেডিয়ামের ফাইনালে স্বাগতিকেরা থাকছে না।

কাকতালীয় বলে উড়িয়ে দেওয়ার আগে হিসাবটা একবার দেখুন। শেষ ১৫ বছরে এমন বহু ম্যাচ এই শেষ সময়ের গোলেই হেরে বসেছে বাংলাদেশ। ৮০ মিনিট বা তার পরে গোল হজম করে জয় কিংবা ড্রয়ের আশা শেষ হয়েছে।

ফার্গি যে বছর অবসরে যাচ্ছেন, ঠিক সে বছরই এই পরিস্থিতির সঙ্গে পরিচয় বাংলাদেশের। ভারতের বিপক্ষে ১-০ গোলে জয়ের স্বপ্নে বিভোর ছিল বাংলাদেশ। ৮২ মিনিটে আতিকুর রহমান মিশুর গোল সে স্বপ্ন দেখাচ্ছিল। তবে যোগ করা সময়ে সুনীল ছেত্রীর পেনাল্টি তা ধূলিসাৎ করে দেয়।

পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও ড্রয়ের কাছাকাছি ছিল বাংলাদেশ। কিন্তু আবারও যোগ করা সময়ে গোল হজম করে বসে, এবার ২-১ গোলে হেরেই বসে।

২০১৯ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের মাটিতে দুর্দান্ত এক জয়ের খুব কাছে ছিল বাংলাদেশ। ৪২ মিনিটে সাদ উদ্দিন গোল করে এগিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে। সেবারও শেষ সময়ের গোলে তালগোল পাকিয়ে ফেলে জামাল ভুঁইয়ার দল। ৮৮ মিনিটে গোল করে সফরকারীদের স্তব্ধ করে দেন বাংলাদেশকে।

২০২১ সালে নেপালের বিপক্ষে জিতলেই সাফের ফাইনালে উঠত বাংলাদেশ। সমীকরণ ছিল সহজ, সুমন রেজার গোলের পর ম্যাচও এগোচ্ছিল ঠিক দিকেই। সেখান থেকে ৮৮ মিনিটে নিজেদের বক্সে ফাউল, পেনাল্টি, অঞ্জন বিস্তার গোল, ১-১। ফাইনালের স্বপ্ন সেখানেই শেষ। একই বছর শ্রীলঙ্কার বিপক্ষে চার জাতির সিরিজে একটা ড্র হলেই চলত। ওয়াসিম রাজেকের গোলের জবাবে ৭১ মিনিটে সমতা ফেরান জুয়েল রানা। কিন্তু ৯০ মিনিটে পেনাল্টি হজম, ১-২ হার।

এরপর ২০২৩ সাফে লেবাননের বিপক্ষে শেষ দিকে দুই গোল হজম করে ০-২ গোলে হারে বাংলাদেশ। ২০২৪ সালের ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনকে রুখে দেওয়ার খুব কাছে ছিল কোচ হাভিয়ের কাবরেরার দল। কিন্তু পুরোনো রোগ ফিরে ফিরে আসে যোগ করা সময়ে, গোল হজম করে হেরে বসে ০-১ গোলে।

২০২৫ সালে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ উল্টো গল্পটা প্রায় লিখেই বসেছিল বাংলাদেশ। যোগ করা সময়ে গোল করে সমতা ফিরিয়েছিল। তবে এর ২০ সেকেন্ডের মধ্যে আবারও গোল হজম করে পুরোনো গল্পেরই পুনরাবৃত্তি ঘটায় বাংলাদেশ।

এই তালিকাটা গেল রাতে আরও একটু দীর্ঘায়িতই হলো। এবার প্রতিপক্ষের নাম পাকিস্তান। এবারের মঞ্চ সাফ।

একটি-দুটি ম্যাচে এমন হলে তাকে ‘দুর্ভাগ্য’ বলে আপনি উড়িয়ে দিতে পারেন। কিন্তু প্রায় ১৫ বছর ধরে কোচ, খেলোয়াড় আর প্রতিপক্ষ বদলে গেছে, ঘটনা একই থেকে গেছে। তাকে আর বিচ্ছিন্ন বলার উপায় থাকে না। প্রশ্নটা এখন আর ভাগ্য নিয়ে নয়, প্রক্রিয়া নিয়ে। শেষ ১০ মিনিটে এই দল কেন বারবার ভেঙে পড়ে? মনোযোগ, ফিটনেস, নাকি ম্যাচ ধরে রাখার কৌশল? ভুলটা হচ্ছে কোথায়?

সে প্রশ্নের জবাব ভবিষ্যতে হয়তো মিলবে। কিন্তু আপাতত বাংলাদেশের বাস্তবতাটা হচ্ছে– ব্যর্থতা। স্মরণকালের সেরা স্কোয়াড নিয়ে শিরোপাজয়ের স্বপ্ন নিয়ে ফাইনালেও যেতে না পারাটাই এখন দলের বাস্তবতা।

২০০৩ সালের পর আর সাফ জেতা হয়নি। ২৩ বছরের খরা ঘোচানোর স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল দলটা। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। নেপথ্যে সেই পুরোনো ভূত, সেই ‘ফার্গি টাইম’!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com