শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট বরিশালের গৌরনদীতে জমি লিখে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ, ঢাকায় যুবক গ্রেফতার ‘আকভানের’ প্রভাবে মেঘনায় উত্তাল ঢেউ, মহিষ নিয়ে বিপাকে খামারিরা আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ আকভানের প্রভাবে মনপুরা উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জেঁকে বসেছে শীত সব দলের ঐক্য চাইলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভুতুম প্যাঁচার গল্প ‘মসজিদের কমিটি নিয়েও টানাটানি’

ভুতুম প্যাঁচার গল্প

প্রতিবেদকের নাম / ২ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ওকে প্রথম দেখি ২০১৬ সালের ২৫ মার্চ সকালে হবিগঞ্জের কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে। এরপর ঢাকার মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানে। তৃতীয়বার দেখি বগুড়ার শাহজাহানপুর উপজেলার গণ্ডগ্রামের হিন্দু পাড়ার এক বাঁশঝাড়ে; ছানাপোনাসহ, ২০১৯ সালের ২৬-২৭ এপ্রিলে। এরপর পাক্কা সাত বছর পাখিটিকে আর কোথাও দেখিনি। গত ২৬ মার্চ বিরল ও দুর্লভ পাখির সন্ধানে বার্ডিংবিডি ট্যুরসের সঙ্গে চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে গেলাম দুই দিনের জন্য। বনের বিভিন্ন স্পটে দুই দিন ঘুরে একটি নতুন পাখিসহ বেশকিছু বিরল ও দুর্লভ পাখির দেখা পেলাম।

দ্বিতীয় দিন বিকেলে মোড়া পেতে লেবু বাগানের পাশে ছড়ার পাড়ে দল বেঁধে বসলাম পাখির গোসলের ছবি তুলতে। এই ছবিগুলো তোলা হয়ে গেলেই আপাতত হাজারিখিলের মিশন শেষ। বিকেল প্রায় শেষ হয়ে এসেছে। ধীরে ধীরে আলো কমে আসছে। আমরা সবাই ছড়ায় বসে গোসলরত পাখির ছবি তোলায় ব্যস্ত। এমন সময় গাজীপুরের বন্যপ্রাণী কেন্দ্রের পাখিবিদ (অরনিথলস্টি) আল্লামা শিবলী সাদিক এসে ফিসফিস করে কিছু একটা বলার পর আমরা সবাই তার পিছু নিলাম। খানিকটা এগোনোর পর একটি বড় গাছের ডালে হবিগঞ্জ, মিরপুর ও বগুড়ায় দেখা একই প্রজাতির একটি পাখিকে বসে থাকতে দেখলাম। মাঝে মাঝেই পাখিটি ‘হুপ-হুপ-হু’ শব্দে ডাকছিল। আর দেরি না করে দ্রুত পাখিটির কয়েকটি ছবি তুললাম এবং ভিডিও করলাম। সর্বশেষ পাখিটিকে দেখলাম গত ১৬ অক্টোবর পটুয়াখালীর কুয়াকাটার সৈকতসংলগ্ন লেম্বুর বনে। একটি মরা গাছের ডালের ওপর বসে ছিল। আমরা ছবি তুলতে তুলতেই পাখিটি উড়াল দিল। এবং ডালটিও ভেঙে পড়ল।

এতক্ষণ বিভিন্ন স্থানে দেখা যে পাখিটির কথা বললাম, সেটি এ দেশের এক দুর্লভ আবাসিক পাখি, নাম ‘ভুতুম প্যাঁচা’। হুতুম প্যাঁচা, কুদুম প্যাঁচা বা মেছো প্যাঁচা নামেও পরিচিত এটি। ইংরেজি নাম Brown Fish-owl। স্ট্রিজিডি গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Ketupa zeylonensis (কেতুপা জেইলোনেনসিস)। ভুতুম প্যাঁচা তুরস্ক থেকে সিরিয়া হয়ে ইসরায়েল, দক্ষিণ চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভুটান ও মালদ্বীপ বাদে ভারতীয় উপমহাদেশের প্রায় সব দেশেই বাস করে।

চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যের গাছের ডালে একটি ভুতুম প্যাঁচা। সম্প্রতি তোলা 	লেখক

চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যের গাছের ডালে একটি ভুতুম প্যাঁচা। সম্প্রতি তোলা লেখক

ভুতুম প্যাঁচা বড় আকারের পাখি। প্রাপ্তবয়স্ক ভুতুম প্যাঁচার দেহের দৈর্ঘ্য ৪৮-৬১ সেন্টিমিটার, প্রসারিত ডানা ১২৫-১৪০ সেন্টিমিটার ও ওজন ১.১-২.৫ কেজি। মাথা বড়সড় ও গোলাকার। চোখ বড় বড়। মাথার দুই পাশে কানের মতো পালকগুচ্ছ রয়েছে। হালকা হলুদ ছিটাসহ পিঠের পালক ঘন বাদামি। বুক ও পেট আরও হালকা, তাতে রয়েছে গাঢ় ছিটছোপ। মাথার চাঁদি, কাঁধ-ঢাকনি ও ডানা-ঢাকনিতে অতি সরু কালচে-বাদামি দাগ রয়েছে। ডানায় রয়েছে বাদামি ডোরা। চোখ হলুদ ও ঠোঁট ধূসর। পা ও পায়ের পাতা কালচে-হলুদ। প্যাঁচা-পেঁচি দেখতে একই রকম। অপ্রাপ্তবয়স্ক প্যাঁচার লালচে-বাদামি পিঠে সরু দাগছোপ, দেহতলে অনুজ্জ্বল ও ফ্যাকাশে দাগ এবং গলায় রয়েছে সাদা পট্টি।

ভুতুম প্যাঁচা দেশের বিভিন্ন ধরনের পরিবেশে, যেমন– মিশ্র চিরসবুজ বন, গাছপালাসম্পন্ন এলাকা, পুরোনো আম বাগান, গাছে ঢাকা নদীর পার, গ্রামীণ জলাভূমির পাড় ইত্যাদিতে ব্যাপকভাবে বিস্তৃত। সচরাচর একাকী বা জোড়ায় বিচরণ করে। দিনে গাছের ঘন পাতার আড়ালে, ঝাঁশঝাড় ও গাছের খোঁদলে বিশ্রাম নেয়। রাতের শিকারি হলেও ভোর ও গোধূলিতেও তৎপর থাকে। পানির ধারে শিকারের খোঁজে বসে থাকে ও পায়ের নখ দিয়ে মাছ, ব্যাঙ, কাঁকড়া, ইঁদুর, সরীসৃপ, পাখি ইত্যাদি শিকার করে খায়। গভীরভাবে ‘হুপ-হুপ-হু’ শব্দে ডাকে।

নভেম্বর থেকে মার্চ এর প্রজননকাল। এ সময় পানির ধারে বড় গাছের কোটর বা খোঁদলে অথবা পুরোনো আম বা বটগাছের ডালে বাসা বানায়। অনেক সময় চিল বা ঈগলের পরিত্যক্ত বাসাও ব্যবহার করে। ডিম পাড়ে ১-২টি, রং ঘিয়ে-সাদা। পেঁচি একাই ডিমে তা দেয়। ডিমে তা দেওয়ার সময় পেঁচিকে প্যাঁচা খাবার খাওয়ায়। ডিম ফোটে ৩৪-৩৮ দিনে। প্যাঁচা-পেঁচি মিলেমিশে ছানাদের লালনপালন করে। ছানারা প্রায় ৫০ দিনে উড়তে শিখে। আয়ুষ্কাল পাঁচ থেকে ছয় বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com