বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Logo

অপেক্ষায় আছেন স্বতন্ত্র এমপিরা ঘর গোছাচ্ছে বিএনপি

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

সংসদ নির্বাচনের আগে ও পরে বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে বিএনপি। বিশেষ করে গত নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা প্রার্থী হয়েছেন এবং পরে ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন, তাদের বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছেন দলটির শীর্ষ নেতারা। এর বাইরে নির্বাচন-পরবর্তী যেসব নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদের অনেককেও ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আগামী স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে খুব শিগগির পর্যায়ক্রমে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হতে পারে। এরই মধ্যে কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র এমপিদের মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়া অন্য ছয়জন জোট গঠন করে বিএনপির সব সিদ্ধান্তকে সমর্থন করছেন, বিএনপির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করছেন। তারা দলে ফেরার অপেক্ষায় আছেন। আবার এই ছয়জন সংসদ সদস্যের বিষয়ে ইতিবাচক সাড়াও দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান সমকালকে বলেন, আমরা চেয়েছিলাম, তারা (বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী) যেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন না করেন। তারা যেন ভোটের মাঠে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন। কিন্তু আমাদের প্রত্যাশা তারা রাখেননি। এখন ফিরতে চাচ্ছেন ভালো; দেখা যাক কী করা যায়।

দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেক ত্যাগী আর প্রভাবশালী নেতাকে বহিষ্কার করা হয়েছিল। তারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। তবে বিগত দিনে তাদের ত্যাগ আর সক্রিয় ভূমিকাকে বিবেচনায় নিয়ে এবার তাদের রাজনীতির পথ সুগম করার ভালো সিদ্ধান্ত নিচ্ছে দল। এ ছাড়া দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হলেও পরবর্তীকালে ভুল বুঝতে পেরে তারা বিএনপির চেয়ারম্যানের কাছে আবেদন করেন, যা পর্যালোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির কয়েকজন নেতা জানান, যেসব নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের সবাই দলের ত্যাগী, নির্যাতিত এবং যোগ্য নেতা ছিলেন। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে দলের ‘চেইন অব কমান্ড’। যারা দলের নির্দেশনা মানে না, তাদের সেই ত্যাগ আর যোগ্যতার কোনো মূল্যও থাকে না। দলের সিদ্ধান্ত না মানলে দলকে সুশৃঙ্খল রাখাও সম্ভব হবে না।

সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সারাদেশে ৯২ জনকে বহিষ্কার করে বিএনপি। এর মধ্যে গত ২১ জানুয়ারি এক দিনেই ৫৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়। এ ছাড়া জোটের শরিকদের জন্য ছেড়ে দেওয়া আট আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় আরও ১৩ জনকে বহিষ্কার করা হয়েছিল। বিদ্রোহী প্রার্থীদের পাশাপাশি তাদের প্রচারণায় অংশ নেওয়া এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তৃণমূলের আরও অন্তত পাঁচ শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।

৭৮টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকলেও মূলত সাতজন বিজয়ী হন। তারা হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, লুৎফর রহমান খান আজাদ, শেখ মজিবুর রহমান ইকবাল, এম এ হান্নান, আতিকুল আলম শাওন, সালমান ওমর রুবেল এবং এ জেড এম রেজওয়ানুল হক। এর বাইরে অন্তত ২৮টি আসনে জয়-পরাজয়ে প্রভাব ফেলেন দলের বিদ্রোহী প্রার্থীরা। তাদেরও বহিষ্কার করা হয় তখন। বহিষ্কৃত প্রভাবশালী নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন, সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা সাইফুল ইসলাম ফিরোজসহ বিভিন্ন পর্যায়ের নেতা।

বিএনপির দপ্তর সূত্র জানায়, বহিষ্কৃত অধিকাংশই বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেন। এরই মধ্যে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে কেন্দ্র।
সর্বশেষ গত মঙ্গলবার নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়। তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।

এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ার ইঙ্গিত পেয়ে ফের মাঠে সক্রিয় হচ্ছেন নেতারা। তারা তাদের অনুসারীদের নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় ভূমিকা রাখছেন। গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শোভাযাত্রায় বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে প্রথম সারিতে দেখা যায়। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই শোভাযাত্রায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে সঙ্গে নেন তারেক রহমান। এতে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ নিয়ে রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি হয়।

জানতে চাইলে সাইফুল আলম নিরব সমকালকে বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে আমি ভাবছি না; আমি জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপি করি। নির্বাচনের পরও দলের সব কর্মসূচিতে অংশ নিচ্ছি।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আর নীতিগত কোনো জটিলতা নেই। কারও কারও ক্ষেত্রে এরই মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। অন্যদের বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত কার্যকর হবে। তবে প্রত্যেকের রাজনৈতিক ভূমিকা, বহিষ্কারের কারণ এবং স্থানীয় সাংগঠনিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে সংসদ সদস্য এম এ হান্নান সমকালকে বলেন, বিভিন্নভাবে শুনেছি। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাদের অভিভাবক। তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মাথা পেতে নেব। বহিষ্কারাদেশ প্রত্যাহার হলে এলাকার সাংগঠনিক বলয় বৃদ্ধি পাবে। নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com