মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Logo

ভোলায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ভোলা সদর উপজেলার পৃথক স্থানে পুকুরে ডুবে মো. আব্দুল্লাহ (৩) ও দেড় বছরের আব্দুর রহমান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে আব্দুল্লাহ উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শফিকের ছেলে ও আব্দুর রহমান আলীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সুমনের ছেলে।

শিশুদের স্বজনরা জানান, শিশু আব্দুল্লাহর পরিবার ঘরের কাজে ব্যস্ত ছিল। এ সময় শিশুটি বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। খেলার একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পাড়ে চলে যায় এবং অসাবধানতাবশত পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্বজন ও প্রতিবেশীরা পুকুরে নেমে কিছুক্ষণ পর ডুবন্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে শিশু আব্দুর রহমানের মা শিশুটিকে বসতঘরে রেখে পাশের বাড়িতে যান। এরপর শিশুটি তার মায়ের খোঁজে হাঁমাগুড়ি দিয়ে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে নিলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, মৃত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানায় দুটি অপমৃত্যুর মামলা দায়েরের কার্যক্রম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com