সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Logo

পবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের তিন দফা দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম / ১ সময় দৃশ্য
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

প্রাণিসম্পদ খাতে বিদ্যমান বৈষম্য দূরীকরণ ও ভেটেরিনারি পেশার মর্যাদা রক্ষায় তিন দফা দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে মানববন্ধন করেছেন অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা।

রোববার দুপুর ১২টায় বরিশাল ক্যাম্পাসে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (ভিএএসএ) উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের (ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ) পক্ষ থেকে ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’-এর ৪৯২টি পদ দুই অর্থবছরে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে সম্মতি দেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরে ২৪৬টি এবং ২০২৭-২৮ অর্থবছরে ২৪৬টি পদ সৃজনের কথা রয়েছে।

প্রজ্ঞাপন জারির পর সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার পদে নিয়োগের যোগ্যতা, পেশাগত মর্যাদা ও পদোন্নতির কাঠামো নিয়ে ভেটেরিনারি শিক্ষার্থীদের মধ্যে দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় পবিপ্রবির এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে মানববন্ধন করেন।

শিক্ষার্থীদের প্রথম দাবি, সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদে শুধু রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগ নিশ্চিত করা। পদটির দায়িত্ব ও পেশাগত মর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়োগের যোগ্যতা নির্ধারণ করতে হবে।

দ্বিতীয় দাবিতে পদোন্নতি ও পেশাগত মর্যাদার সুস্পষ্ট সীমা নির্ধারণের দাবি জানান শিক্ষার্থীরা। ক্যাডার কাঠামোয় অসামঞ্জস্য দূর করে নন-ভেটেরিনারি ব্যক্তিদের পদোন্নতির মাধ্যমে ভেটেরিনারি পেশাজীবীদের সমকক্ষ বা ঊর্ধ্বতন পদে আসার সুযোগ বন্ধ করতে হবে ।

তৃতীয় দাবিতে নতুন পদ সৃষ্টি, দ্রুত বাস্তবায়ন ও নিয়োগ নিশ্চিত করার দাবি জানানো হয়। দেশের প্রাণিসম্পদ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি উপজেলায় ভেটেরিনারি সার্জন নিয়োগের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন সৃষ্ট পদগুলোতে শুধু রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা।

ভিএএসএর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল কাফি বলেন, প্রস্তাবিত ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদটি প্রথম শ্রেণির (৯ম গ্রেড) হওয়ায় এ পদে নিয়োগের ক্ষেত্রে পেশাগত যোগ্যতা ও দক্ষতাকে গুরুত্ব দিতে হবে। প্রশাসনিক বিধি ও পেশাগত দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে পদটিতে শুধু রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগ নিশ্চিত করতে হবে। কোনো নন-ভেটেরিনারি ব্যক্তি বা ডিপ্লোমাধারীকে এ পদে নিয়োগের সুযোগ রাখা যাবে না।

ভিএএসএর ভাইস প্রেসিডেন্ট আবু বক্কর সিদ্দিক রাফি বলেন, দেশের প্রাণিসম্পদ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় চারজন করে ভেটেরিনারি সার্জন (পশুচিকিৎসক) নিয়োগের সরকারি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি এসব পদে শুধু রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগ নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com