মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Logo

বাদীর ঘরের দরজার সামনে দেয়াল, যাতায়াতের পথ বন্ধ

প্রতিবেদকের নাম / ১ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নলছিটিতে আদালতের নির্দেশ অমান্য করে মামলার বাদীর বসতঘরের দরজার সামনে পাকা দেয়াল তুলে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে দুই শিশু সন্তানকে নিয়ে ঘরের ভেতর অবরুদ্ধ হয়ে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী মো. মেহেদী হাসান কামরুল ও তাঁর পরিবার। বাইরে বের হওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি চরম মানবেতর জীবনযাপন করছে।
দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। ১৫ বছর ধরে বসবাস করা পরিবারকে এভাবে অবরুদ্ধ করে রাখার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ভুক্তভোগী পরিবারের চলাচলের পথ নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মেহেদী হাসান কামরুল জানান, ২০১৭ সালে জমি কিনে বাড়ি তৈরি করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। ওই একই জমির পথ তিনি ও তাঁর প্রতিবেশী নুর ইসলাম আকন ব্যবহার করতেন। সম্প্রতি নুর ইসলাম আকন সেই চলাচলের পথ আটকে দেয়াল নির্মাণের চেষ্টা চালান। এ বিষয়ে তিনি জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। আদালত উভয় পক্ষকে বিরোধীয় জমিটি পথ হিসেবে ব্যবহার করতে নির্দেশনা দেন এবং পরে দেওয়ানি মামলার মাধ্যমে সমস্যার স্থায়ী নিষ্পত্তির আদেশ দেন।
অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশ উপেক্ষা করে গত ১৪ সেপ্টেম্বর নুর ইসলাম আকন লোকজন নিয়ে কামরুলের ঘরের দরজার সামনেই পাকা দেয়াল নির্মাণ করে পথ পুরোপুরি বন্ধ করে দেন।
কামরুলের স্ত্রী নিপা বেগম বলেন, ‘দুই শিশু সন্তান ও স্বামীকে নিয়ে ঘরে অবরুদ্ধ হয়ে আছি। দেয়াল তোলায় ঘরে আলো-বাতাস আসাও বন্ধ হয়ে গেছে। ছেলেটা মাদ্রাসায় যেতে পারছে না। তারা আদালত কিংবা ইউপি চেয়ারম্যান-কারও কথাই মানছে না। টাকা ও শক্তির জোরে তারা চায় আমরা যেন বসতবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হই।’
বক্তব্য জানতে অভিযুক্ত নুর ইসলাম আকনের বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনে কল দিয়েও কথা বলা সম্ভব হয়নি।
দপদপিয়া ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা বলেন, ‘উভয় পক্ষ থানায় ও আদালতে যাওয়ায় পরিষদ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com