শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
Logo

পবিপ্রবিতে ছাত্রীদের উদ্দেশ্যে নির্মাণ শ্রমিকের অশালীন অঙ্গভঙ্গি, ভিডিও ভাইরাল

প্রতিবেদকের নাম / ৬ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নির্মাণাধীন চাঁদ সুলতানা হলের এক নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে সুফিয়া কামাল হলের ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শনের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে নির্মাণাধীন চাঁদ সুলতানা হল থেকে মামুন (২৫) নামে ওই নির্মাণ শ্রমিক বারবার অশালীন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একই সঙ্গে হলে অবস্থানরত নারী শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ভুক্তভোগী এক নারী শিক্ষার্থী বলেন, ‘এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। কিছুদিন আগে সকালে ফজরের নামাজ পড়ে আমি ছাদে হাঁটতে গেলে নির্মাণাধীন ভবন থেকে একজন আমার ছবি তোলেন। সে সময় তার ফোনের ফ্ল্যাশ জ্বলতে দেখি। এছাড়া তারা প্রায়ই পার্শ্ববর্তী ভবন থেকে আমাদের দিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকিয়ে থাকেন।’

এ বিষয়ে কবি বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক মো. ইফতেখারুল আলম বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাই। নির্মাণাধীন হল থেকে যেসব স্থান দিয়ে ছাত্রীদের দেখা যায়, সেসব জায়গায় প্রাথমিকভাবে নিরাপত্তাবেষ্টনী দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত শ্রমিকসহ সংশ্লিষ্টদের বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, ‘ঘটনাস্থলে যাওয়ার পর আমরা তিনজনকে আটক করেছি। তাকে সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে শ্রমিক এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে, সে বর্তমানে পলাতক রয়েছে। তাকে পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের শনাক্ত করে ওই শ্রমিককে আটক করার চেষ্টা চলছে। তাকে আটক করার পর থানায় মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com