রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:

পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজকে কোনো অবস্থাতেই পারস্য উপসাগরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলি আবদুল্লাহি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর প্রবেশের স্বপ্ন অধরাই থেকে যাবে।

গতকাল শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে আবদুল্লাহি বলেন, ‘কোনো পরিস্থিতিতেই, কোনো সময়েই আমরা মার্কিন সামরিক জাহাজকে পারস্য উপসাগরে প্রবেশ করতে দেব না। মার্কিন প্রেসিডেন্টকে পারস্য উপসাগরে তাঁর দেশের সশস্ত্র বাহিনীর প্রবেশের স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন নিয়েই তাঁকে কবরে যেতে হবে।’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে হামলার হুমকি জোরালো হওয়ার মধ্যে এ বক্তব্য এলো। এর মধ্যেই তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সতর্ক করে বলেছেন, চলতি সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন। এ ধরনের হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। পারস্য উপসাগরে প্রবেশের প্রধান পথ এই প্রণালি দিয়ে বিশ্বের জ্বালানি পরিবহনের একটি বড় অংশ চলাচল করে। ইরানের পদক্ষেপের জবাবে দেশটির বন্দর ও জাহাজের ওপর পাল্টা অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তেহরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য জাহাজগুলোকে অনুমতি নিতে বাধ্য করছে। একই সঙ্গে ওমানের উপকূলঘেঁষা দক্ষিণ দিকের পথ দিয়ে প্রণালি অতিক্রমের চেষ্টা করা কয়েকটি জাহাজে বারবার হামলার ঘটনা ঘটেছে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তেহরানের বিবেচনায় ‘অবৈধ’ পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা কয়েকটি তেলবাহী ট্যাঙ্কার সাম্প্রতিক দিনগুলোতে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল শুক্রবার আইআরজিসি জানায়, কৌশলগত এই জলপথে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর অপরিশোধিত তেলবাহী দুটি সুপারট্যাঙ্কার সমুদ্রে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। জাহাজ দুটিতে মোট ৪৫ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল।

আইআরজিসির সেপাহ নিউজ ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণ ও ভয়াবহ আগুনে ট্যাঙ্কার দুটির ইঞ্জিনকক্ষ অচল হয়ে গেছে। যুদ্ধের আগে স্বাভাবিক পরিস্থিতিতে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। ইরানের সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। গ্যাস রপ্তানিকারক দেশগুলোর একটি সম্মেলনে যোগ দিতে রাশিয়া সফর করবেন পেজেশকিয়ান।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আগামী মঙ্গলবার গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সম্মেলনে অংশ নিতে মস্কো যাবেন তিনি। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে।

জালালি জানিয়েছেন, দুই নেতার আলোচনায় অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি ভূরাজনৈতিক বিভিন্ন বিষয়ও স্থান পাবে।

মার্কিনিদের লক্ষ্যবস্তু করার চেষ্টা বাড়িয়েছে ইরান
এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান জে ক্লেটন শুক্রবার সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইরান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে পাঠানো এক স্মারকলিপিতে ক্লেটন এ বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার কথা জানিয়েছেন বলে এক মার্কিন কর্মকর্তা উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com