বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী পবিপ্রবিতে অধ্যাপকের বিরুদ্ধে শ্যালিকার পিএইচডি মূল্যায়নে বিধি লঙ্ঘনের অভিযোগ পরিবেশ অধিদপ্তরকে ‘ম্যানেজ’ করে সক্রিয় ৫০০ অবৈধ ইটভাটা চিকিৎসককে মারধর করে ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপনে থাকা যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ বেশি শীতে সর্দি-কাশির ছুটি! আমলকী দিয়েই ঘরে বানান ৩ জাদুকরি টোটকা নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট তারেক রহমান-এরদোগানের বৈঠক রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আইনশৃঙ্খলা সীমান্ত জেলায় পুলিশকে বাড়তি নজরদারি করার নির্দেশ সব ডিআইজি, কমিশনার ও সীমান্ত জেলার এসপিদের নিয়ে বৈঠক সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে?

পরিবেশ অধিদপ্তরকে ‘ম্যানেজ’ করে সক্রিয় ৫০০ অবৈধ ইটভাটা

প্রতিবেদকের নাম / ৩ সময় দৃশ্য
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে দক্ষিণাঞ্চলে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে শত শত অবৈধ ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের তোয়াক্কা না করে লোকালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে অবৈধ ড্রাম চিমনি ও ১২০ ফুট ফিঙ্কড চিমনি ব্যবহার করে চালানো হচ্ছে এসব ভাটা। পরিবেশ অধিদপ্তর জনবল ও ম্যাজিস্ট্রেট সংকটের অজুহাতে নামমাত্র অভিযান চালাচ্ছে। অন্যদিকে ভাটা মালিকরা প্রকাশ্যে দাবি করছেন পরিবেশ দপ্তরের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করেই নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা।

অনুসন্ধানে জানা গেছে, বরিশাল বিভাগে কমপক্ষে ৫০০ অবৈধ ইটভাটা রয়েছে, যার বড় একটি অংশ নদীবেষ্টিত চরাঞ্চল ও দুর্গম এলাকায় অবস্থিত। বিশেষ করে বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলাতে শতাধিক অবৈধ ভাটার অস্তিত্ব রয়েছে। এসব ভাটার অধিকাংশতে কয়লার বদলে অবাধে পোড়ানো হচ্ছে বনের কাঠ। পরিবেশ আইনের তোয়াক্কা না করে নদীতীর-সংলগ্ন এলাকা এবং কৃষিজমিতে গড়ে ওঠা এসব ভাটার বিষাক্ত ধোঁয়ায় গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে স্থানীয়রা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বরিশাল আঞ্চলিক শাখা সূত্র জানায়, অবৈধ ভাটা মালিকরা প্রকাশ্যে কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করার কথা বলছেন, যা উদ্বেগজনক। প্রভাবশালী ও ঘুষের বিনিময়ে যদি লোকালয়ে অবৈধ ইটভাটা চলতে দেওয়া হয়, তবে কৃষিজমি ও জনস্বাস্থ্য গুরুতর হুমকিতে পড়বে।
পরিবেশ অধিদপ্তরকে বুড়ো আঙুল দেখিয়ে বছরের পর বছর ইটভাটা চালানোর পেছনে গোপন লেনদেনের চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন খোদ ভাটা মালিকেরা। মেহেন্দীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নে নদীভাঙনের পর নতুন স্থানে ‘থ্রি স্টার’ নামে ড্রাম চিমনির ভাটা চালু করেছেন জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমির আনিচুর রহমান। পরিবেশ দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ভাটা সম্পর্কে তথ্য দিতে না পারলেও আনিচুর রহমান স্বীকার করেছেন, পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করেই তিনি ভাটাটি পরিচালনা করছেন।

একইভাবে ২০১৩ সাল থেকে হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে ‘লামিয়া ব্রিকস’ নামে একটি অবৈধ ভাটা চালিয়ে আসা ফরিদ বেপারী জানান, বৈধ কাগজ তৈরি করতে যে হয়রানি ও বিপুল অর্থ খরচ হয়, তার চেয়ে অনেক কম টাকায় দপ্তর ম্যানেজ করে ভাটা চালানো যায়। যে কারণে অনেকেই আর বৈধতার ঝামেলায় যান না।
এসব অস্বীকার করে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. মুজাহিদুল ইসলামের ভাষ্য, তাদের হিসাবে দুইশর কিছু বেশি অবৈধ ইটভাটা রয়েছে। দপ্তরটিতে বরিশালের একমাত্র ম্যাজিস্ট্রেট পদটি দীর্ঘদিন ধরে শূন্য। গত এপ্রিলে আগের ম্যাজিস্ট্রেট বদলি হওয়ার পর কাউকে পদায়ন করা হয়নি। ফলে জেলা প্রশাসনের কাছে আবেদন করে সময়মতো ম্যাজিস্ট্রেট না পাওয়ায় মৌসুমের শুরুতে নিয়মিত অভিযান চালাতে হিমশিম খেতে হচ্ছে।

অবশ্য নিজস্ব ম্যাজিস্ট্রেট না থাকলেও ঢাকা থেকে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে সম্প্রতি বাবুগঞ্জ, উজিরপুর ও মুলাদীতে অভিযান চালিয়ে ৭টি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। নিজস্ব ম্যাজিস্ট্রেট পদায়ন সাপেক্ষে বা ঢাকা থেকে ম্যাজিস্ট্রেট আসা সাপেক্ষে সামনে আরও কয়েকটিতে অভিযান চালানোর কথা জানিয়েছেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন।
পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সংকট বা জনবল অভাবের অজুহাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবৈধ ভাটা মালিকরা প্রকাশ্যে কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করার কথা বলছেন, যা চরম উদ্বেগজনক। প্রভাবশালী ও ঘুষের বিনিময়ে যদি লোকালয়ে
অবৈধ ইটভাটা চলতে দেওয়া হয়, তবে দক্ষিণাঞ্চলের কৃষিজমি ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকিতে পড়বে। আমরা দ্রুত সব অবৈধ ভাটা বন্ধের জোর দাবি জানাচ্ছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com