পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শ্যালিকার পিএইচডি ডিগ্রি প্রদানের সুপারিশ ঘিরে পরীক্ষা পরিচালনা বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামাল হোসেনের বিরুদ্ধে। স্বজনপ্রীতির এ ঘটনা সামনে আসার পর বিষয়টি বিশ্ববিদ্যালয় অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রশ্নের উদ্রেক করেছে।
সংবাদ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন স্বাক্ষরিত এক চিঠিতে মৃত্তিকাবিজ্ঞান বিভাগের পিএইচডি গবেষক উম্মে কুলসুম শান্তার (রেজিস্ট্রেশন নম্বর: ০২৫৩৪) ডিগ্রি প্রদানের সুপারিশ রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়। পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ কমিটির ৭৪তম সভার কার্যসূচি অনুযায়ী গঠিত পরীক্ষণ কমিটির সুপারিশের ভিত্তিতে বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলে উপস্থাপনের প্রক্রিয়া চলছে।
তবে গবেষক উম্মে কুলসুম শান্তা অধ্যাপক ড. মো. কামাল হোসেনের স্ত্রীর আপন বোন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বিধিমালার ১.২০ ধারা অনুযায়ী, কোনো পরীক্ষার্থী নিকটাত্মীয় হলে বিষয়টি লিখিতভাবে পরীক্ষা নিয়ন্ত্রককে জানানোর বাধ্যবাধকতা রয়েছে। সেই বিধি না মেনে মূল্যায়ন প্রক্রিয়ায় অধ্যাপক কামালের সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ বিষয়ে অধ্যাপক ড. মো. কামাল হোসেনের দাবি, ‘আমি কোনো ক্লাস বা পরীক্ষায় অংশ নেইনি। শুধু বিভাগীয় চেয়ারম্যান হিসেবে থিসিসের কো-সুপারভাইজারের দায়িত্বে ছিলাম। একাডেমিক কাউন্সিলে বিষয়টি উঠলে সবাইকে অবহিত করে সভা থেকে বের হয়ে যাই।’
তবে পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান তাঁর এ বক্তব্য অস্বীকার করে জানান, ‘তিনি (ড. কামাল) বিষয়টি আমাদের সেভাবে অবহিত করেননি। একাডেমিক কাউন্সিলে বিষয়টি উঠেছিল কিনা, তা-ও আমার মনে পড়ছে না।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, ‘বিভাগীয় চেয়ারম্যান পদাধিকারবলে পরীক্ষা কমিটিতে থাকতে পারেন। এতে আইনের ব্যত্যয় হয় না। তবে নিকটাত্মীয়ের পিএইচডি তত্ত্বাবধায়ক হওয়া কিংবা কোর্স পরিচালনা করা অবশ্যই বিধিবহির্ভূত। এ বিষয়ে সুনির্দিষ্ট লিখিত আবেদন পেলে তদন্ত কমিটি গঠন করা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে কমিটির সুপারিশ অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়া হবে।’