বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:

সেতু নেই, ঝুঁকি নিয়ে সাঁকো পার

প্রতিবেদকের নাম / ২ সময় দৃশ্য
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বিদ্যালয়ে যাওয়ার একটি মাত্র পথ। সেই পথে খুদে শিক্ষার্থীদের খাল পাড়ি দিতে হয় ঝুলন্ত একটি সরু বাঁশের সাঁকো ব্যবহার করে। এই শিক্ষার্থীদের মতো সেতুর অভাবে দীর্ঘ দিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার অন্তত সাত হাজার মানুষ।
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় একটি সেতুর অভাবে তিন গ্রামের সাত হাজার মানুষ ও পাঁচ শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে তাদের খাল পারাপার হতে হচ্ছে। এতে তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও নিজ সুহরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত নিয়ে সব সময় চরম উৎকণ্ঠায় থাকেন অভিভাবকরা। যার প্রভাবে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার ব্যাপারে অনীহা সৃষ্টি হচ্ছে।

যাতায়াত ব্যবস্থা এমন ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক অভিভাবক এরই মধ্যে তাদের সন্তানকে বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন। বাকিরাও ক্রমশ আগ্রহ হারাচ্ছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়িয়া গ্রামের তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বড় খাল রয়েছে। এই খালের ওপর একটি সেতু নির্মাণের জন্য বার বার দাবি জানিয়েও সুফল মেলেনি।
খালটির ওপর কোনো পাকা সেতু না থাকায় প্রতিদিন পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ সাত হাজার সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের উদ্যোগে একটি বাঁশের সাঁকো তৈরি করা হলেও নারী, শিশু ও বৃদ্ধদের পারাপারে প্রায়ই নানা দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী চাঁদনী আক্তার বলে, প্রতিদিন এ সাঁকো পার হয়ে স্কুলে যেতে হয়। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে, অনেক সময় পা পিছলে পড়ে যায় অনেকে। বিশেষ করে, প্রাথমিক বিদ্যালয়ের ছোট শিশুরা সাঁতার না জানায় তাদের জন্য এটি আরও বেশি ভয়ংকর।
পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন দাস বলেন, খালের পানিতে প্রায়ই বাচ্চারা পড়ে যাওয়ার উপক্রম হয়, যা আমাদের সব সময় আতঙ্কে রাখে। যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় অনেক অভিভাবক তাদের সন্তানকে স্কুলে পাঠাতে চাচ্ছেন না।
স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন জানান, ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ এই সাঁকো দিয়ে যাতায়াত করেন। সাঁকোটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বহুবার শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয়েছে। এখানে একটি সেতু নির্মিত হলে এই এলাকার দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

আলগী তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আবদুল রশিদ খাঁ বলেন, এলাকার এই দুর্দশা লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, বিদ্যালয়ের উত্তর পাশের এই খালে ২৪০ ফুটের একটি বাঁশের সাঁকো রয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তারা বিভিন্ন দপ্তরে সেতু নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে গেলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন হচ্ছে না।
আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আল মামুন জানান, আগে ওই সাঁকোর স্থানে একটি পুল ছিল। সেটি ভেঙে যাওয়ার পর থেকে এলাকাবাসীর দুর্ভোগের শুরু। পুলটি পুনর্নির্মাণের জন্য তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ অব্যাহত রেখেছেন।
পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, খালের ওপর সেতু নির্মিত হলে এলাকার লোকজনের যাতায়াতের দীর্ঘদিনের কষ্ট দূর হবে এবং শিক্ষার্থীরা নিরাপদে ও নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com