রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা ১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নদীতীরে গ্রামবাসীর মানববন্ধন ‘মোরা কার্ড চাই না, বেড়িবাঁধ চাই’ প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠানে স্পিকার বুকের উপর উঠে মারধর বড় ভাইয়ের, প্রাণ গেল সাবেক যুবদল নেতার মদিনার দিকে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে নেওয়া হয়েছে : মুফতি ফয়জুল করিম

যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট উড্ডয়ন বন্ধ চার ঘণ্টা, কী ঘটেছিল

প্রতিবেদকের নাম / ১ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

চার ঘণ্টার মতো স্থগিত থাকার পর চালু হয়েছে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে টেলিকম বা অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় হঠাৎ গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় দেশজুড়ে অভ্যন্তরীণ ও বহির্গামী ফ্লাইট উড্ডয়ন স্থগিত (গ্রাউন্ড স্টপ) ঘোষণা করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এরপর স্থানীয় সময় শুক্রবার ফ্লাইট চলাচলের ওপর দেশব্যাপী স্থগিতাদেশ প্রত্যাহারের কথা জানান যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি।

তিনি জানান, শুক্রবার বহির্গামী ফ্লাইটের ওপর জারি করা দেশব্যাপী স্থগিতাদেশ প্রত্যাহার করেছে এফএএ। তবে কর্মকর্তারা এখনও এর কারিগরি সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন।

হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে শন ডাফি জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে। এয়ারলাইনগুলোর নিয়মিত কার্যক্রম পুরোপুরি চালু করতে কিছুটা সময় লাগবে।

সাংবাদিকদের তিনি বলেন, প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবার উড়োজাহাজ চলছে। এমন বিপর্যয়ের পেছনে ‘পুরানো হার্ডওয়্যার’ এর কথা উল্লেখ করে বিভ্রাটের জন্য অতিরিক্ত চাপের মুখে পড়া সুইচ এবং রাউটারকে দায়ী করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের আধুনিকায়নের জন্য দেশটির আইন প্রণেতাদের কাছে ৫ হাজার কোটি ডলার বরাদ্দের আহ্বান জানিয়েছেন তিনি।

তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই সমস্যাটি ‘এলথ্রিহ্যারিস’ (L3Harris) পরিচালিত একটি টেলিযোগাযোগ নেটওয়ার্কের সাথে সম্পর্কিত, যা এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেডিও ফ্রিকোয়েন্সি পরিচালনা করে। এই ঘটনায় প্রায় ৪ হাজার ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।

যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন স্থগিতের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফ করেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি

যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন স্থগিতের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফ করেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি

সিস্টেম বিভ্রাটের কারণ স্পষ্ট 
পরিবহন মন্ত্রী শন ডাফি বলেছেন, এ ঘটনার পেছনে সিস্টেম বিভ্রাটের কারণটি স্পষ্ট। তার মতে, সিস্টেমটি অনেক পুরনো এবং এতে পুরনো রাউটার ব্যবহার করা হয়েছে, যা ‘জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি।

মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোতে টেলিকম যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটায় ‘অস্বাভাবিক পরিস্থিতি ও নিরাপত্তার স্বার্থে’ নজিরবিহীন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানা সমস্যা চলছে। পুরোনো প্রযুক্তি ও সরঞ্জামের ঘাটতির কারণে যোগাযোগব্যবস্থার ত্রুটি এবং নিয়ন্ত্রককর্মীর সংকটে এ খাত চাপে রয়েছে। এসব অবকাঠামো আধুনিক করার জন্য ২০২৫ সালে ১২৫০ কোটি ডলার বরাদ্দ দেয় কংগ্রেস। তবে তা যথেষ্ট নয় জানিয়ে শুক্রবার দেশটির আইনপ্রণেতাদের কাছে আরও ৩০১০ কোটি ডলারের বড় বাজেট সহায়তা চেয়েছে এফএএ।

রয়টার্স জানিয়েছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর এ নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের পুরো আকাশসীমায় সব ধরনের ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখা হলো। ২০২৩ সালের জানুয়ারিতেও সিস্টেম ত্রুটির কারণে অভ্যন্তরীণ ফ্লাইট কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছিল।

শিকাগো ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর (ছবি-রয়টার্স)

শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর (ছবি-রয়টার্স)

এর আগে স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে এফএএ। এতে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল কিংবা মারাত্মক বিলম্বের শিকার হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। এতে তারা চরম ভোগান্তির শিকার হয়েছেন।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন বলেছেন, এই ঘটনার পেছনে কোনো হামলার সুনির্দিষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। আকাশে থাকা সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে।

ফ্লাইট উড্ডয়ন বন্ধের ঘোষণার পর ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুর খবরের অপেক্ষায় রয়েছেন যাত্রীরা (ছবি-এএফপি)

ফ্লাইট উড্ডয়ন বন্ধের ঘোষণার পর ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুর খবরের অপেক্ষায় রয়েছেন যাত্রীরা (ছবি-এএফপি)

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, এই অচলাবস্থা পুরো দিন ধরে চলতে পারে। অন্যদিকে ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, গ্রাউন্ডস্টপ বলবৎ থাকা অবস্থায় কোনো অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়ন করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com